পিরলোর শটেই এলোমেলো ইংল্যান্ড !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য। গোল হলো না অতিরিক্ত সময়েও। এর পর সেই টাইব্রেকার পরীক্ষা। সেই পরীক্ষায় জিতে ইউরোর সেমিফাইনালে উঠেছে ইতালি। বরাবরের মতোই কপাল পুড়েছে ইংল্যান্ডের।টাইব্রেকারের শুরুটা অবশ্য দুর্দান্তই হয়েছিল ইংল্যান্ডের। প্রথম দুই শটের দুটিতেই সফলতা এসেছিল। অন্যদিকে প্রথম শটে সফল হলেও দ্বিতীয়টি মিস হয়ে যায় ইতালির। ২-১ গোলে এগিয়ে থাকার পরও কী এমন হলো যে এর পর ইতালির জালই খুঁজে পেলেন না ইংলিশ খেলোয়াড়েরা?কারণ ইতালির মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো! ইতালির তৃতীয় শটের সময় ইংলিশ গোলরক্ষক জো হার্টকে বোকা বানিয়ে তিনি যেভাবে গোলটা করেন, তাতেই নাকি এলোমেলো হয়ে পড়েন ইংল্যান্ডের খেলোয়াড়েরা। সমতায় ফেরে ইতালি। এর পর দুটি শট মিস করেন ইংল্যান্ডের অ্যাশলে ইয়ং ও অ্যাশলে কোল।পিরলোর শটে জোর ছিল না। গোল ডটকমের খবরে বলা হয়েছে, শট নেওয়ার আগে জো হার্ট অস্বাভাবিকভাবে লাফালাফি করছিলেন। এ কারণে শটে জোর দেওয়ার প্রয়োজন মনে করেননি পিরলো। শুধু কৌশলে বলটা তুলে দিয়েছিলেন। কাজ হয় তাতেই।ম্যাচ শেষে ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে পিরলো বলেন, ‘অদ্ভুতভাবে নড়াচড়া করছিল জো হার্ট। ও ডাইভ দেওয়ার পরই তাই আমি এমনটা করি। বল জালে জড়ায় সহজেই।’পিরলো বলেন, ‘আমার গোলেই চাপের মধ্যে পড়ে ইংল্যান্ডের খেলোয়াড়েরা। আসলে এর পরই গোল মিস করে অ্যাশলে ইয়ং ও অ্যাশলে কোল।’জুভেন্টাস মিডফিল্ডার বলেন, ‘এ ম্যাচে কোনো সুযোগই তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ওরা খেলা পেনাল্টিতে নিতে চেয়েছিল। কিন্তু খেলেই জিততে চেয়েছিলাম আমরা। আমরা জানতাম, ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার সামর্থ্য আমাদের রয়েছে। প্রত্যাশার চেয়েও ভালো খেলেছি আমরা। আরও আগেই ম্যাচটা জিততে পারতাম।’পিরলোর বক্তব্যের সঙ্গে একমত আলেসান্দ্রো দিয়ামানতি। টাইব্রেকারে ইতালির জয়সূচক গোল করা এই মিডফিল্ডার বলেন, ‘সুবিচার হয়েছে। ইংল্যান্ডের চেয়ে অনেক ভালো খেলেছি আমরা। প্রথম মিনিট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল।’পিরলোর পেনাল্টি সম্পর্কে ইতালীয় মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি বলেন, ‘অনেক বছর পর এমন সুন্দর একটা পেনাল্টি দেখলাম। ২০০০ সালে হল্যান্ডের বিপক্ষে টোট্টির করা গোলের কথা মনে পড়ছে আমার।’