পিল্লাইয়ের দলের কাছে বাংলাদেশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ার ইন্ডিয়ার বিপক্ষে ৬-০ হার দিয়ে টুর্নামেন্টটা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটিও তারা হারল। তবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওএনজিসির (অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন) সঙ্গে কাল লড়াইটা জমেছিল ভালোই। হার ২-১ গোলে। টানা দুই হারে দিল্লিতে চলমান ৪৯তম ওএনজিসি নেহরু কাপ হকির শেষ চারে যাওয়ার আশাটা কার্যত শেষই হয়ে গেল। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল লিগে আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ ইন্ডিয়ান আর্মির সঙ্গে। এই পর্যায়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে আটটি দল। গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। টিকে থাকার জন্য অন্তত একটা পয়েন্ট পেলে বাংলাদেশের ভালো হতো।সেটি তুলে নিতে পারলেন না জাহিদ-জিমিরা। প্রথমার্ধটা গোলশূন্য থাকার পর ওএনজিসি গোল করে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশ দলের নিলয় সেই গোলটা শোধ করেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে গোল খেয়ে ম্যাচটা হেরে যায় বাংলাদেশ।ওএনজিসিতে আছেন ভারতীয় জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। দলটির কোচ ধনরাজ পিল্লাই। সাবেক এই ভারতীয় তারকা বাংলাদেশের হকির নাড়ি-নক্ষত্র জানেন। কিন্তু বাংলাদেশ দলকে হারাতে যথেষ্ট ঘাম ঝরেছে তাঁর দলের।