পিসিবি কোনো আশ্বাস দেয়নি বিসিবিকে
দিল্লিতে পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসানের বৈঠকটা পরিণত হলো সৌজন্য সাক্ষাতে। পিসিবি পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএলে খেলার অনুমতি দেবে কি না, সে ব্যাপারে কোনো আশ্বাস ছাড়াই শেষ হয়েছে পরশুর ‘শীর্ষ বৈঠক’।কাল বোর্ড সভাপতির সঙ্গে টেলিফোনে কথা বলে এ-সংক্রান্ত একটি লিখিত বিবৃতি দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বিবৃতিতে তিনি বলেছেন, ‘তাঁরা দ্বিপক্ষীয় ক্রিকেট-সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ দলের পাকিস্তান সফর এবং বিপিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।’সূত্র জানিয়েছে, সভায় বিসিবির প্রধান পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএলে খেলার অনুমতি দিতে অনুরোধ করেছেন পিসিবির প্রধানকে। কিন্তু পিসিবির সভাপতি জাকা আশরাফ কোনো প্রতিশ্রুতি তো নয়ই, আশ্বাসও নাকি দেননি। বিসিবি তবু আশাবাদী, পিসিবির চুক্তিতে নেই, এমন খেলোয়াড়দের অন্তত বিপিএলে পাওয়া যাবে।দেশে ফিরে পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবির অস্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করবেন, জাকা আশরাফকে এমন আশ্বাস নাকি দিয়েছেন নাজমুল হাসান। ‘জনাব আশরাফকে বিসিবির সভাপতি নিশ্চয়তা দিয়েছেন, সিঙ্গাপুরে এসিসির সভা থেকে দেশে ফেরার পর অস্থায়ী কমিটির সঙ্গে পাকিস্তান সফর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পাকিস্তান সফরের জন্য উপযুক্ত সময় বের করতে দুই বোর্ড একসঙ্গে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে’—বলেছেন জালাল ইউনুস।ধারণা করা হচ্ছে, বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের নির্বিঘ্নে খেলার বিষয়টি এখনো নির্ভর করছে পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবির অবস্থান পরিবর্তনের ওপরই।