পিসিবি ঠিক করল বাংলাদেশের প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখবর হলো, বাংলাদেশকে ২০১২ সালের জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য আইসিসির সহসভাপতি (প্রকারান্তরে যেটি ভবিষ্যৎ আইসিসি সভাপতি) হওয়ার সুযোগ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এটি আসলে সুখবর কি না সেটাই প্রশ্ন! কারণ পিসিবি বাংলাদেশ থেকে আইসিসির সম্ভাব্য সহসভাপতি হিসেবে একটা নামও বলে দিয়েছে—বর্তমান বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল!কাল এ ঘোষণার পর দেশের ক্রিকেটাঙ্গনে একটাই প্রশ্ন—বাংলাদেশ থেকে কে আইসিসির সহসভাপতি হবেন, সেটা কি পিসিবি ঠিক করে দিতে পারে? তারা বড়জোর নিজেদের দাবি ছেড়ে দিয়ে বাংলাদেশের পথ সুগম করে দিতে পারে। বাংলাদেশ থেকে আইসিসির সম্ভাব্য সহসভাপতি হিসেবে কে মনোনয়ন পাবেন, সেটা তো ঠিক করবে বিসিবির পরিচালনা পর্ষদ, বৃহৎ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ! পিসিবি নিশ্চয়ই শর্ত দিতে পারে না, বাংলাদেশ থেকে অমুক সহসভাপতি হলেই কেবল তারা পথ ছাড়বে, নয় তো নয়। প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে, কারণ বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে সম্ভাব্য প্রতিনিধি হিসেবে মুস্তফা কামালই অবিসংবাদিত পছন্দ নন। সেখানে বেশ জোরালোভাবেই আছে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর নামও।পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফসহ আরও কয়েকজন কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ সফর করছেন। কাল তাঁদের সঙ্গে বিসিবি কার্যালয়ে সভায় বসেছিলেন বিসিবির শীর্ষ কর্তারা। সভায় মূল আলোচ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তান থেকে আইসিসির পরবর্তী সহসভাপতি নির্বাচন ও ২০১২ সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। এই সভা যে পারস্পরিক সমঝোতার ‘অপূর্ব’ এক মঞ্চ হয়ে উঠেছিল, সেটা বোঝা গেল সভা শেষের সংবাদ সম্মেলনে। বিসিবি সভাপতি মুস্তফা কামাল ঘোষণা করলেন, এপ্রিলে পাকিস্তান সফরের আগে আগামী মাসে বাংলাদেশ থেকে বিশাল এক নিরাপত্তা প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ঠিক হবে এপ্রিলে বাংলাদেশ দল সেখানে যাবে কি না। এরপর পিসিবি-প্রধান জাকা আশরাফ দিলেন প্রশ্নবিদ্ধ সুখবরটা—আইসিসির সহসভাপতি মনোনয়নের জন্য তাঁরা সমর্থন দিয়েছেন বিসিবি সভাপতি মুস্তফা কামালকে। পরে বিসিবি-পিসিবি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে একই কথা।সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আইসিসির সম্ভাব্য সহসভাপতি হিসেবে মুস্তফা কামালকে সমর্থন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল গত অক্টোবরেই।’ সেটাই যদি হবে, আনুষ্ঠানিক ঘোষণাটা এত দেরিতে কেন? মুস্তফা কামাল বলেছেন, অত আগে ঘোষণা দেওয়ার ব্যাপারে আইসিসি থেকেই নিষেধ ছিল।আগে শোনা গিয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আইসিসির সম্ভাব্য সহসভাপতির নাম জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। কাল বিসিবি জানাল, আইসিসি সম্প্রতি চিঠি দিয়ে জানিয়েছে শেষ সময় ২৪ ডিসেম্বর। এর পরও কিছু আনুষ্ঠানিকতা থাকবে। আইসিসির নির্বাহী সভায় সেটি অনুমোদিত হতে হবে। নতুন সহসভাপতির দুই বছরের মেয়াদ শুরু হবে ২০১২ সালের ১ জুলাই। ২০১৪ সালের ১ জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনিই হবেন আইসিসির নতুন সভাপতি।বিসিবি ও পিসিবির এই যৌথ ঘোষণার সমালোচনা শুরু হয়ে গেছে। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন একজন অভিজ্ঞ সংগঠক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো নিয়ম বা রীতির মধ্যেই পড়ে না। প্রতিটি বোর্ডই সার্বভৌম। বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। আরেকটা দেশের বোর্ড এসে এই সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিতে পারে না। তার মানে কি, বিসিবি যদি অন্য কাউকে নির্বাচিত করে, পাকিস্তান সমর্থন দেবে না?’ আইসিসির সহসভাপতি হতে বাংলাদেশের পথ সুগম করে দেওয়ায় পিসিবিকে ধন্যবাদ দিলেও তিনি বলেছেন, ‘একজনের নাম নির্দিষ্ট করে বলায় মনে হচ্ছে আরেকটা বোর্ডের নির্দেশে বাংলাদেশ প্রার্থী চূড়ান্ত করছে।’দুই দেশের ক্রিকেট উন্নয়নসংক্রান্ত কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে বিসিবি-পিসিবির কালকের সভায়। তার মধ্যে আছে ‘এ’ দল, একাডেমি দল ও মহিলা দলের দ্বিপাক্ষিক সফর, বাংলাদেশের একাডেমি পর্যায়ের ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধির জন্য সহযোগিতা ইত্যাদি।তবে সভার মতো সভা শেষেও মূল আলোচনা ওটাই—পিসিবি কি পারে বাংলাদেশের প্রার্থীর নাম বলে দিতে? বোমাবাজি ও গোলাগুলিতে নিয়ত নিরাপত্তাহীন পাকিস্তানে বাংলাদেশ দলের সফর নিয়ে ইতিবাচক আলোচনার বিনিময়ে নয় তো এই ঘোষণা!