পিসিবি প্রধানকে আদালতের স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির শর্ত মেনে ‘নির্বাচিত’ হয়েই এসেছিলেন। কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়ায় ঘাপলা ছিল বলে নানা পক্ষ অভিযোগ করে আসছিল। অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফের ওপর স্থগিতাদেশ দিল দেশটির উচ্চ আদালত। আদালতের কাছেও আশরাফের নির্বাচনী প্রক্রিয়াটি মনে হয়েছে ‘সন্দেহজনক’ ও ‘দূষিত’।

আইসিসির দাবি মেনে নিয়েই গঠনতন্ত্র সংশোধন করেছিল পিসিবি। এরপর দেশটির বোর্ডের ইতিহাসে প্রথম ‘নির্বাচিত’ প্রধান হিসেবে দায়িত্বে আসেন আশরাফ। তাঁকে আসলে নিয়োগ দিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং পিসিবির প্রধান পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারি। যেটি আইসিসির কাছে গ্রহণযোগ্য ছিল না। এরপর নির্বাচনের জন্য আশরাফ এবং অন্য এক প্রার্থীকে মনোনয়ন দেন জারদারি। তখন অভিযোগ ওঠে, লোক দেখানো নির্বাচনের মাধ্যমে আশরাফকে প্রধান বানানো হয়েছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও হয়। সাবেক খেলোয়াড় ও কোচ আহমেদ নাদিম সাদালের আবেদনের পরিপ্রেক্ষিতে কাল ইসলামাবাদের হাইকোর্ট আশরাফের প্রধানের পদের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ১৩ জুন পরবর্তী শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। সিন্ধ হাইকোর্টে করা সাবেক অধিনায়ক রশিদ লতিফের ভিন্ন একটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আজ। এএফপি।