পিসিবিই পুরস্কার দেবে আজমলকে!
আইসিসি সাফল্যের স্বীকৃতি দিচ্ছে না তো কী, পুরস্কার একটা ঠিকই উঠছে সাঈদ আজমলের হাতে! আইসিসির কাছে ‘অন্যায়ের’ প্রতিবাদ করে প্রত্যাখ্যাত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে থমকে যায়নি মোটেও। বরং অভিনব এক প্রতিবাদের পথ বেছে নিয়েছে। পিসিবি বিশেষ একটি পুরস্কার দিতে যাচ্ছে আজমলকে!টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলকে কাল দুবাইয়ে বিদায়ী সংবর্ধনা দিয়েছে পিসিবি। সেখানেই পিসিবির প্রধান জাকা আশরাফ দিয়েছেন এ ঘোষণা। আজমলের উদ্দেশে তিনি বলেন, ‘সাঈদ আজমল, আমরা এখনো বলছি, তুমিই বিশ্বের এক নম্বর বোলার এবং পিসিবি এর স্বীকৃতি দেবে। অন্য কেউ স্বীকৃতি দিল কি দিল না, সেটা আমাদের কাছে তাৎপর্যহীন। আমরা সেটাকে পাত্তাও দিই না। আমরা তোমাকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশ্বকাপের পর দেশে ফিরলে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে আমরা তোমাকে পুরস্কৃত করব।’‘ক্রিকেট অস্কার’ নামে পরিচিত আইসিসি অ্যাওয়ার্ডের জন্য বিবেচনাধীন সময়ে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে আজমল নিয়েছেন ১২০ উইকেট, তাঁর ধারেকাছে নেই কেউ (দ্বিতীয় রঙ্গনা হেরাথ, ৮৪)। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট আজমলের (৭২), সে সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন ৩ টেস্টে ২৪ উইকেট নিয়ে। আইসিসি র্যাঙ্কিংয়েও এখন টেস্টে ৩ নম্বর আজমল, ওয়ানডেতে ১ আর টি-টোয়েন্টিতে ২। কিন্তু বর্ষসেরা ক্রিকেটার বা টেস্ট ক্রিকেটার কোনো তালিকাতেই জায়গা হয়নি আজমলের। দুই তালিকাতেই আছেন কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, মাইকেল ক্লার্ক ও ভারনন ফিল্যান্ডার। তালিকায় একমাত্র বোলার বলে মনে করা হচ্ছে, ফিল্যান্ডারই আজমলের জায়গাটা নিয়েছেন। বিবেচনাধীন সময়ে ৯ টেস্টে ৫৬ উইকেট নিয়েছেন ফিল্যান্ডার, আজমল ১২ টেস্টে ৭২। যদি আজমলের সেরা ৯ টেস্ট বেছে নেওয়া হয়, তাঁর উইকেট ফিল্যান্ডারের চেয়ে ৫টি বেশি। ফিল্যান্ডার সিরিজ-সেরা একবার, আজমল দুবার। অর্থাৎ, মুখোমুখি লড়াই হিসাব করলেও আজমল এগিয়ে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আমজনতা, অনেকেই ১৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠান বয়কট করতে বলছে পিসিবিকে। তবে আশরাফ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, ‘বয়কটের ব্যাপারে পিসিবি এখনো সিদ্ধান্ত নেয়নি, সেটা হবে চরম পদক্ষেপ। তবে আমরা প্রচণ্ড চাপে আছি। পাকিস্তানে মিছিল হয়েছে, আজমলের সমর্থনে লোকে রাস্তায় নেমে এসেছে। সংসদেও উঠেছে ব্যাপারটা, বিতর্ক হচ্ছে বড় ধরনের। আমি জানি না, শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আমরা পাকিস্তানের মানুষের অনুভূতি আইসিসিকে জানিয়েছি।’ রয়টার্স।