পিসিবিই পুরস্কৃত করবে আজমলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি সাঈদ আজমলকে। তাই বলে কি পুরস্কার পাবেন না পাকিস্তানি এই স্পিনার? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ ঘোষণা দিয়েছেন, পিসিবিই পুরস্কৃত করবে আজমলকে।‘সাঈদ আজমল, আমরা এখনো বলছি, তুমি বিশ্বের সেরা বোলার। অন্য কেউ পুরস্কার দিক আর না দিক, পিসিবি পুরস্কৃত করবে তোমাকে। আমরা কাউকে পরোয়া করি না।’ দুবাইয়ে পাকিস্তান দলের একটি অনুষ্ঠানে বলেছেন জাকা আশরাফ।আজমলের উদ্দেশে পিসিবি-প্রধান বলেন, ‘আমরা তোমাকে অভিনন্দন জানাই। যখন দেশে ফিরবে (টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে), বিশ্বের সেরা বোলার হওয়ার জন্য আমরাই পুরস্কৃত করব তোমাকে।’যে ১২ মাসের পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের জন্য তালিকা করা হয়েছে, ওই সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ ১২০টি উইকেট শিকার করেছেন আজমল। টেস্টে তাঁর শিকার সর্বোচ্চ ৭২টি উইকেট। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়েও তাঁর সফলতার প্রতিফলন রয়েছে। বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে আজমল শীর্ষে। টেস্ট র্যাঙ্কিংয়ে অবস্থান তৃতীয়, তবে স্পিনারদের মধ্যে প্রথম। কিন্তু বর্ষসেরা ক্রিকেটার বা বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—কোনো ক্যাটাগরিতেই মনোনয়ন পাননি আজমল। এ ঘটনায় আইসিসির কাছে প্রতিবাদ জানিয়েছে পিসিবি। একই সঙ্গে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের নাম নতুন করে অন্তর্ভুক্তির অনুরোধও জানানো হয়েছে। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, এই তালিকায় পরিবর্তন আনার এখতিয়ার আইসিসির নেই। বিচারকমণ্ডলী স্বাধীনভাবে তালিকা তৈরি করেছে। এটাই চূড়ান্ত।পাকিস্তানের গণমাধ্যমের খবর, আজমলের নাম শেষ পর্যন্ত তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করতে পারে পিসিবি। তবে জাকা আশরাফ জানিয়েছেন, এই কঠোর সিদ্ধান্ত এখনো তাঁরা নেননি। পরিস্থিতিই বলে দেবে, শেষ পর্যন্ত কী হবে।পিসিবির চেয়ারম্যান বলেন, ‘পিসিবি এখনো অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়নি। এটা কঠোর পদক্ষেপ হতে পারে। আমরা খুব চাপের মধ্যে আছি। আজমলের সমর্থনে পাকিস্তানে বিক্ষোভ চলছে। পাকিস্তানি সমর্থকদের এই মনোভাবের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে ব্যাপারটা তোলা হয়েছে। এ নিয়ে জোর বিতর্ক চলছে। আমি জানি না, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে।’ রয়টার্স।