পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত সপ্তাহেই যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তাতে বেশ খুশিই হয়েছিলেন আকিব জাভেদ। জানিয়েও দিয়েছিলেন, হাফিজ-আজহারদের কোচ হতে তিনি উন্মুখ হয়ে আছেন। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার এখন ‘না’ বলছেন পিসিবিকে। সাফ বলে দিয়েছেন, ‘আমি এখনো আরব আমিরাতের কোচ। আর কোথাও যাচ্ছিও না।’
কী এমন ঘটল যে এক সপ্তাহের মধ্যেই আকিব জাভেদের এমন ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া? ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য আকিব জানিয়েছেন, বোর্ডের নীতি বদলের কারণে তাঁর অবস্থান বদল। কোচ চেয়ে সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। এটিই খেপিয়ে তুলেছে আকিবকে। তাঁর ধারণা, তাঁর সঙ্গে আগে যোগাযোগ করলেও এখন বিদেশি কোচের সন্ধান করছে বোর্ড। আকিবের ভাষায়, ‘চাপ কিংবা অন্য কোনো কারণেই হোক, পিসিবি অবস্থান পরিবর্তন করেছে। কাজেই যারা প্রতিশ্রুতি রাখতে পারে না আমি তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি না। হঠাৎ করেই তারা ভিন্ন পথে হাঁটা শুরু করেছে। যদি এটাই করবে, তাহলে আগে আমাকে জানানো হলো না কেন?’
২০১২ সালে আরব আমিরাতের প্রধান কোচ হওয়ার আগে ২২টি টেস্ট এবং ১৬৩টি ওয়ানডে খেলা আকিব জাভেদ প্রায় সাড়ে তিন বছর পাকিস্তান ক্রিকেট দলের সহকারী কোচ ছিলেন। দ্য ডন।