পিসিবিকে আফ্রিদির পরামর্শ
দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস ঘোষণা দিয়েছেন, আসন্ন জিম্বাবুয়ে সফরই হবে তাঁর শেষ সফর। বিতর্কে ভরা পাকিস্তান দলের জন্য এটি বড় একটা ধাক্কা। নতুন কোচ নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা চলছে, তখন পরামর্শ নিয়ে এগিয়ে এলেন আফ্রিদি। আফ্রিদির বক্তব, একজন প্রধান কোচ নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত বিশেষজ্ঞ কোচ নিয়োগ করা। এই বিশেষজ্ঞ কোচরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আলাদা আলাদাভাবে কাজ করবেন। আরও একটি পরামর্শ দিয়েছেন আফ্রিদি, একজন দক্ষ ম্যানেজার নিয়োগ করা।‘একজন প্রধান কোচ নিয়োগ করা যথার্থ সিদ্ধান্ত হবে না। এর বদলে কয়েকজন বিশেষজ্ঞ কোচসহ একজন দক্ষ ম্যানেজার নিয়োগ করা যেতে পারে’—লন্ডন থেকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেন আফ্রিদি।ওয়াকারের বিদায়ের পর পাকিস্তানি কাউকেই কোচের দায়িত্ব হবে নাকি বিদেশি কোচ আনা হবে-এনিয়ে জোর আলোচনা চলছে। তবে দেশটির আইন-শৃঙ্খলার যে অবস্থা, বাস্তবতা বলছে, বিদেশি কোচ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কোচ দেশি না বিদেশি হবে, এ নিয়ে বিতর্কে যেতে চান না আফ্রিদি, ‘এ বিতর্কে যেতে চাই না আমি। পাকিস্তান দলে যোগ্য কোচ দরকার। বব উলমারের মতো যোগ্য ও অভিজ্ঞ কোচ।’বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন গত মে মাসে। সেই বিদায়ের ঘোষণাটা অবশ্য ছিল ‘শর্তসাপেক্ষ’। ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে ইতিবাচক পরিবর্তন এলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। এরপর কত নাটক, বিতর্ক! অবসর ভেঙে এখন আবারও দলের ফেরার প্রত্যাশায় আছেন আফ্রিদি। ওয়েবসাইট।