পিসিবিকে ইনজামামের তীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে কত দূর যেতে পারবে পাকিস্তান? ইনজামাম-উল হক কিন্তু খুব বেশি কিছু আশা করছেন না। এমন নয় যে উত্তরসূরিদের ওপর আস্থা নেই তাঁর। পাকিস্তানের সাবেক অধিনায়কের কাঠগড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁর যুক্তি, বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে যে দেশের বোর্ড দলে বিভেদ সৃষ্টি করে, সেই দল কীভাবে সফল হবে!বোর্ড দলের মাঝে বিভেদ সৃষ্টি করছে—ব্যাপারটা খটমট লাগছে তো? ব্যাখ্যা দিয়েছেন ইনজামাম নিজেই, ‘বিশ্বকাপের বাকি মাত্র তিন সপ্তাহ, অথচ এখনো কোনো অধিনায়ক নেই! দায়টা অবশ্যই বোর্ডকে নিতে হবে। অধিনায়ক ঘোষণা না করায় দলে এখন পরিষ্কার দুটি গ্রুপ হয়ে গেছে—আফ্রিদি গ্রুপ ও মিসবাহ গ্রুপ। এ অবস্থায় দলের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না।’ভাবছেন, দলের বাইরে থেকে ইনজামাম এসব বুঝলেন কীভাবে? অভিজ্ঞতা! ১৬ বছর পাকিস্তান দলে খেলে পাকিস্তান ক্রিকেটের নাড়ি-নক্ষত্র চেনা হয়ে গেছে তাঁর। অভিজ্ঞতা থেকেই পাঁচটি বিশ্বকাপে খেলা ব্যাটসম্যান জানেন, দল ব্যর্থ হলে পরিস্থিতি কী হবে, ‘পিসিবি পরিস্থিতি মোটেও ভালোভাবে সামলাতে পারেনি। অথচ দল যদি বিশ্বকাপে ব্যর্থ হয়, তখন ক্রিকেটারদের মুণ্ডপাত করা হবে। যে দলের অধিনায়কই নেই, তারা কৌশল ঠিক করবে কীভাবে? দল এখন নিউজিল্যান্ডে সিরিজ খেলছে, কিন্তু কেউই জানে না বিশ্বকাপে কে অধিনায়ক থাকবেন। দলের জন্য এটা খুবই ক্ষতিকর।’ ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও ১৯৯৯-এর রানার্সআপরা গত দুটি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। এবার অধিনায়কত্ব নিয়ে এমন লেজেগোবরে অবস্থা। তবু দলটার নাম পাকিস্তান বলেই অনেকে তাদের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। গত বিশ্বকাপের অধিনায়ক কিন্তু ভাগ্য বদলানোর সম্ভাবনা খুব একটা দেখছেন না, ‘ভাগ্য কার জন্য কী রেখেছে বলা মুশকিল। এ দলটার কাছ থেকেও তাই অবিশ্বাস্য কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এ মুহূর্তে যা অবস্থা তাতে মনে হচ্ছে এবারও ফল ২০০৩ ও ২০০৭-এর মতোই হতে যাচ্ছে। আমি স্রেফ আশা করতে পারি, গত বিশ্বকাপের দুর্ভাগ্য যেন আবার ফিরে না আসে।’পিসিবি যেভাবে এগোচ্ছে, তাতে ‘ইনজি’র আশাবাদ পূরণ হওয়ার সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হয় না! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।