পিসিবিকে চিঠি দিয়েছিল বিসিবি
পাকিস্তানের সংবাদমাধ্যমে খবরটা আসার পরও গত ২৪ অক্টোবরের সভা শেষে বিসিবি থেকে তা অস্বীকার করা হয়েছিল। কিন্তু বিসিবির কালকের সভা শেষে নতুন সভাপতি নাজমুল হাসান জানালেন, চলতি বছরের শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা জানিয়ে কিছুদিন আগে পিসিবিকে চিঠি দিয়েছে বিসিবি। তাঁর দাবি, তিনি বিসিবি সভাপতি হিসেবে যোগ দেওয়ার আগেই পিসিবিকে চিঠিটা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে কাল সন্ধ্যায় সাবেক বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।কালকের সভায় চিঠির ব্যাপারে বিস্তারিত আলোচনা হলেও পাকিস্তান সফরে দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সভাপতি বলেছেন, ‘চিঠির মধ্যে অনেক ফাঁক আছে। যদি যেতেই হয়, নিরাপত্তার বিষয়ে চিঠিতে আমি কিছু লেখা দেখলাম না। পর্যাপ্ত নিরাপত্তা আছে কি না, এটা আগে নিশ্চিত হতে হবে।’ সঙ্গে এও বলেছেন, ‘বোর্ড থেকে যেহেতু একটা চিঠি গেছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারছি না। তবে ওখানে গেলে কী সুবিধা, গেলে আমাদের জন্য ভালো হয় না খারাপটা বেশি, সেসব দেখতে হবে। ভালো মনে করলে যাব। আর যদি মনে করি না যাওয়াটাই ভালো, তা হলে যাব না।’ এ ব্যাপারে সরকারের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।