পিসিবিকে দুষলেন মোহাম্মদ আমির
মাত্র ১৪টি টেস্ট খেলেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন মোহাম্মদ আমির। বাঁ-হাতি এই ফাস্ট বোলারকে অনেকেই তুলনা করেছিলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের সঙ্গে। কিন্তু অর্থের লোভে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারকে ভয়াবহ হুমকির মুখে ফেলে দিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার। লন্ডন আদালতের রায়ে এখন ছয় মাস জেলও খাটতে হবে তাঁকে। দুর্ভাগ্যজনক এ পরিস্থিতির পর নিজের ভুল বেশ ভালো মতোই বুঝতে পারছেন আমির। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার সময় দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ না দেওয়ার জন্য পিসিবির সমালোচনাও করেছেন এ তরুণ পেসার।গতকাল লন্ডন কোর্টে রায় ঘোষণার পর আমির বলেছেন, ‘এ ধরনের কাজে জড়ালে তাঁর পরিণতি কী হতে পারে, সে সম্পর্কে পিসিবি কখনোই আমাকে সচেতন করেনি। দুর্নীতিবিরোধী আইন সম্পর্কেও তারা কোনো প্রশিক্ষণ দেয়নি। বিচার চলাকালে আমার সম্পর্কে অনেক মিথ্যা কুত্সা রটানো হয়েছে। কিন্তু সময় হলে আমি সবকিছুই প্রকাশ করব।’অনৈতিক কাজে জড়ানোর জন্য নিজের ভুলও স্বীকার করেছেন আমির। তিনি বলেছেন, ‘যা করেছি, তার জন্য আমি সত্যিই লজ্জিত। সবকিছুর জন্য আমি খুবই দুঃখিত। আমি এখন শুধু আমার দেশের মানুষ ও ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমাই চাইতে পারি।’ ইএসপিএন।