পিসিবিকে মামলার হুমকি দিলেন জুলকারনাইন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন জুলকারনাইন হায়দার। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেটি শুরুর আগে জুলকারনাইনের পালিয়ে লন্ডনে চলে যাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছিল পিসিবি। গতকাল সেই কমিটির প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই এ হুমকি দিলেন পাকিস্তানি এই উইকেটরক্ষক। প্রতিবেদনটিতে পিসিবি জুলকারনাইনকে আখ্যায়িত করেছে খুবই দুর্বল ও ভীতু ব্যক্তি হিসেবে। এ ছাড়া তাঁর অনেক কথাই ভিত্তিহীন ও দুর্বোধ্য বলে দাবি করেছে পিসিবি।পিসিবির এ প্রতিবেদনটি দেখার পর ক্ষুব্ধ জুলকারনাইন বলেছেন, ‘আমাকে ভীতু আর দুর্বল ব্যক্তি হিসেবে আখ্যায়িত করাটা মানহানির শামিল। আর এ জন্য বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকারও আমার আছে। আমি পিসিবির কাছে প্রতিবেদনটির পূর্ণ বিবরণীও দাবি করছি।’গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেটি শুরুর কিছুক্ষণ আগে সবাইকে অবাক করে দিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। পরে জানা গেছে, তিনি জুয়াড়িদের হুমকির মুখে পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছেন। পিটিআই।