পিসিবিকে লসনের পরামর্শ
কোচ দেশি হলে তিনিও ঢুকে পড়েন রাজনীতিতে, কিংবা রাজনীতি ঢুকে পড়ে কোচের কর্মকাণ্ডে। রাজনীতির দুষ্টচক্রে পড়া পাকিস্তানের ক্রিকেটের এ থেকে যেন পরিত্রাণ নেই। সাবেক কোচ জিওফ লসন তাই একটা ভালো বুদ্ধি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কোচের চাকরি ছেড়ে দেওয়া ওয়াকার ইউনুসের জায়গায় যেন নেওয়া হয় একজন বিদেশি কোচ।‘পাকিস্তান ছেড়ে আসার সময়ও বলেছি, তাদের একজন বিদেশি কোচ দরকার। করাচি বা লাহোর যেখান থেকেই আপনি আসুন না কেন, বাইরের চাপ আপনাকে ঠিকভাবে কাজ করতে দেবে না’—২০০৮ সালে পাকিস্তানের কোচের পদ থেকে চাকরিচ্যুত হওয়া লসন বলেছেন ইএসপিএন ক্রিকইনফোকে।বিদেশি কোচ নেওয়ার পক্ষে লসনের যুক্তি, ‘বিদেশি কোচের ওই বাড়তি চাপটা নেই। রাজনীতি নিয়ে না ভেবে কীভাবে একটা সেরা দল গড়তে হবে, তিনি তখন সেটা নিয়েই ভাবেন।’ বিদেশি কোচ থাকলে ভাষাগত যে সমস্যাটা হয়, লসন সমস্যা মনে করছেন না সেটাকেও, ‘আমার সময়ে ভাষা কোনো সমস্যা ছিল না। ক্রিকেটের ভাষাই ব্যবহার করত সবাই। তাদের তো সেটা বুঝলেই হয়।’আসন্ন জিম্বাবুয়ে সফরের পর আর পাকিস্তান দলের কোচের পদে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ ওয়াকার ইউনুস। কারণটা ব্যক্তিগত বলেই জানিয়েছেন সাবেক এই ফাস্ট বোলার। যদিও গুঞ্জন আছে, পিসিবির সঙ্গে দ্বন্দ্বের কারণেই চাকরি ছাড়ছেন তিনি। সেটা হলে আরেকজন যোগ্য কোচ খুঁজে পেতে পিসিবির সামনে সমস্যাই দেখছেন লসন, ‘কঠিন পরিস্থিতিতে পড়তে হবে তাদের (পিসিবি)। অতীতে যে রকম আচরণ করে এসেছে, খুব বেশি লোক নেই যারা তাদের ওপর আস্থা রাখবে। তার পরও আমি বলব, পিসিবির উচিত একজন বিদেশি কোচ আনা। দরকার হলে ছয় মাসের চুক্তিতে হলেও।’ ওয়েবসাইট।