পিসিবিতে চলছে 'বালিশ পাচার' খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে জাকা আশরাফ ও নাজাম শেঠির তুমুল ‘লড়াই’।
চলছে জাকা আশরাফ ও নাজাম শেঠির তুমুল ‘লড়াই’।

পাকিস্তান ক্রিকেটে বোর্ডে যা চলছে, তাকে কী বলা যেতে পারে—সার্কাস নাকি ‘বালিশ পাচার’ খেলা! অবশ্য নাজাম শেঠি ও জাকা আশরাফের যে ‘লড়াই’ চলছে, তাতে ‘টম অ্যান্ড জেরি’র লড়াইটাও দৃশ্যমান হয় চোখের সামনে! পিসিবির প্রধান পদে কখনো জাকা আশরাফ, কখনো আবার নাজাম শেঠি। দুজনের এ ইঁদুর-বিড়াল লড়াই দেখে প্রশ্ন হতে পারে, ‘পিসিবি তুমি কার?’
শনিবার আদালতের নির্দেশে আবার কর্তৃত্ব ফিরে পেয়েছেন বরখাস্ত হওয়া জাকা আশরাফ। ইসলামাবাদ হাইকোর্ট শুধু আশরাফকে পিসিবি-প্রধান হিসেবে পুনর্নিয়োগের নির্দেশই দেননি, বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নিয়োগ দেওয়া নাজাম শেঠির পুরো কমিটিকেই।
গত এক বছরে আশরাফকে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুবার। মে মাসে একবার হাইকোর্ট, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে। এ বছরের ১৫ জানুয়ারি আদালতের নির্দেশেই দায়িত্ব ফিরে পেয়েছিলেন আশরাফ। কিন্তু ফেব্রুয়ারিতে আইসিসি সংস্কার প্রস্তাবে ‘বিগ-থ্রি’র কাছে পাকিস্তানের কোণঠাসা হওয়ার পর তাঁর বিদায় ত্বরান্বিত হয়। কিন্তু তাতেও আশরাফকে দমানো যায়নি। আদালতের নির্দেশে শেঠিকে হটিয়ে ঠিকই ফিরে এসেছেন।
অবশ্য শেঠিও ছেড়ে কথা বলার পাত্র নন। রোববার তিনিও আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। শেঠি বলেছেন, ‘পিসিবিকে দুর্নীতিমুক্ত ও ক্রিকেটকে শক্তিশালী করতে আমাদের ভালো উদ্যোগগুলোকে বৃথা যেতে দেব না।’ ওদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমে আশরাফ বলেছেন, ‘পিসিবির আগের নীতিনির্ধারকেরা অনেক ভালো সিদ্ধান্ত ও নিয়োগ দিয়েছিল। সেগুলো যদি যোগ্যতার শর্ত অনুযায়ী হয়ে থাকে, তবে প্রতিটি পুনর্বিবেচনা করব।’ কিন্তু তিনি ‘পুনর্বিবেচনা’র সময় পাবেন তো? কারণ, পিসিবির চেয়ারম্যানের পদ যে এখন বালির বাঁধের চেয়েও অস্থায়ী! কখন সেটিতে কে বসেন, তা ঠাওর করা মুশকিল! এএফপি।