পিসিবিতে বরখাস্ত-নাটক
হাইকোর্টের নির্দেশে বরখাস্ত হয়েছিলেন। দুই ঘণ্টা পরই আপিল বিভাগের নির্দেশে স্বপদে ফিরলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নাজাম শেঠি।
মাস চারেক আগে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত নতুন চেয়ারম্যানের হাতে দায়িত্ব তুলে দেওয়া। সেই কাজে ব্যর্থ হয়েছেন বলে নাজাম শেঠিকে অবৈধ ঘোষণা করেছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। একই কোর্ট গত জুনে আগের চেয়ারম্যান জাকা আশরাফকেও বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত না হওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এর পরই নাজাম শেঠিকে প্রধান করে পাঁচ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ১৮ অক্টোবরের মধ্যে পিসিবির একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব পায় কমিটি। সেটি করতে ব্যর্থ হওয়ায় হাইকোর্ট শেঠিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। এএফপি।