পিসিবির অনুরোধ আইসিসির প্রত্যাখ্যান
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলের নাম নতুন করে অন্তর্ভুক্তির সুযোগ নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ এই মন্তব্য করেছেন আইসিসির একজন মুখপাত্র। যে ১২ মাসের পারফরম্যান্স বিবেচনায় তালিকাটা করা হয়েছে, ওই সময়ে টেস্টে ৭২টি উইকেটে শিকার করেছেন আজমল। অথচ গত সপ্তাহে প্রকাশিত তালিকায় তাঁর নাম না থাকায় আইসিসির কাছে প্রতিবাদ জানায় পিসিবি। একই সঙ্গে ৩৪ বছর বয়সী আজমলের নাম নতুন করে অন্তর্ভুক্তির অনুরোধও জানানো হয়।পিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসির একজন মুখপাত্র ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, ‘বিচারকমণ্ডলী স্বাধীনভাবে তালিকাটা তৈরি করেছেন। তাঁরাই আজমলকে অন্তর্ভুক্ত করেননি। তালিকায় পরিবর্তন আনার এখতিয়ার আইসিসির নেই। ভোটের ফলাফলই চূড়ান্ত। এটা সবাই মানতে বাধ্য থাকবে।’আইসিসির মুখপাত্র আরও জানান, ক্রিকেটার নির্বাচন প্যানেলের নেতৃত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। এ বছর তাঁর সঙ্গে কাজ করেছেন ক্লেয়ার কনর (ইংল্যান্ড), টম মুডি (অস্ট্রেলিয়া), কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ) ও মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)। নির্বাচকদের কাজ দেখভাল করেছে আর্নস্ট অ্যান্ড ইয়াং নামের একটি প্রতিষ্ঠান। সবাই স্বাধীনভাবে কাজ করেছেন। এখানে আইসিসির কোনো হাত নেই।পিসিবির একজন মুখপাত্র বলেছেন, ‘বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন আজমল। তালিকায় তাঁর নাম না থাকাটা শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বের কাছে বিস্ময়ের। একজন সেরা ক্রিকেটার বাদ পড়ায় পিসিবি মনে করে, নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনাটা জরুরি।’