পিসিবির আত্মমর্যাদা নিয়ে প্রশ্ন শোয়েবের

পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) সঙ্গে তাঁর সম্পর্কটা বরাবরই বৈরী। তিনি মনে করেন, ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে বারবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের আত্মমর্যাদাহীনতার ব্যাপারটি প্রকট হয়ে দেখা দেয়। টি-টোয়েন্টি প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ফয়সলাবাদ উলভসের ভারতীয় ভিসা না পাওয়ার বিষয়টিকে সামনে নিয়ে এসে শোয়েবের অভিমত, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্কের আগে প্রয়োজন রাজনৈতিক সম্পর্কের উন্নতি। অন্যথায় এ ধরনের ব্যাপারগুলোর মুখোমুখি বারবারই হতে হবে পাকিস্তানকে।
শোয়েবের ভাষ্য, ‘ফয়সালাবাদ উলভস দলকে ভারত ভিসা না দেওয়ায় আমি একদম অবাক হইনি। বাস্তবতা হলো, দুই দেশের মধ্যে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নিশ্চিত করতে হবে আগে। এর পরই কেবল ভারতীয় বোর্ডের সহযোগিতা আশা করতে পারি আমরা।’
এতটুকু বলেই ক্ষান্ত হননি ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই স্পিডস্টার, ‘আমি সব সময় বলে এসেছি, ভারতের পেছন পেছন লেগে থাকার দরকার নেই। দ্বিপক্ষীয় সিরিজ ফিরিয়ে আনা, ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেওয়া অথবা চ্যাম্পিয়নস লিগের জন্য ভিসা চাওয়া—সব ক্ষেত্রেই ভারতের করুণা-ভিক্ষা চাওয়া বন্ধ করতে হবে।’
২০০৯ সাল থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। ২০০৮ সাল থেকে ভারতের সঙ্গে বন্ধ থাকা দ্বিপক্ষীয় সিরিজ চালু হয়েছে গত বছর, সেটাও আংশিকভাবে। পাকিস্তান দল ভারত সফর করলেও ফিরতি সফরে রাজি হয়নি ভারতীয় দল। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে সব সময়ই ভারতীয়দের সহায়তা চেয়ে এসেছে পিসিবি। কিন্তু প্রতিবারই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত। এর পরও পিসিবির প্রচেষ্টা থেমে নেই। শোয়েব আখতার মনে করেন, এসবের মধ্য দিয়ে আসলে পিসিবির আত্মসম্মানের অভাবটাই বেরিয়ে আসছে, ‘ওরা যখন প্রথম আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, শক্ত অবস্থান নেওয়ার দরকার ছিল আমাদের। ওদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত ছিল। জাতি ও বোর্ড হিসেবে আরও আত্মমর্যাদাশীল হওয়া উচিত আমাদের।’
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে পিসিবির নেওয়া উদ্যোগেও আপত্তি আছে শোয়েবের। গত বছর এ নিয়ে তির্যক মন্তব্য করে তো সমালোচনার বাণেই বিদ্ধ হয়েছিলেন তিনি। শোয়েবের বক্তব্যটা ছিল স্পষ্ট, ‘বিদেশিদের নিয়ে সিরিজ আয়োজনের মতো পরিস্থিতি পাকিস্তানে নেই। দেশে একরকম যুদ্ধ চলছে। পাকিস্তানের মানুষজন নিরাপদ নয়। এ অবস্থায় বিদেশি দলকে আমন্ত্রণ জানানোটা ঝুঁকিপূর্ণ।’ শোয়েবের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে পিসিবি জানায়, তাঁর মতো একজন সাবেক খেলোয়াড়ের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত। সূত্র: হিন্দুস্তান টাইমস।