পিসিবির কাছে পাওনা টাকার দাবি সালমান বাটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িক বহিষ্কার করেছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও চুক্তি বাতিল করেছে এই তিন ক্রিকেটারের সঙ্গে। কিন্তু তার আগে পিসিবি তাঁদের পাওনা টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন সালমান বাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কার ম্যাচ ফি, বোনাস ইত্যাদি মিলিয়ে পিসিবির কাছে প্রায় এক লাখ ডলার দাবি করে চিঠি দিয়েছেন সালমান বাট ও মোহাম্মদ আসিফ।আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে পিসিবি কোনো সহায়তা না করায় তাঁদের যথেষ্ট দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানান সালমান বাট। এ অবস্থায় পিসিবির অবশ্যই তাঁদের পাওনা টাকা পরিশোধ করা উচিত উল্লেখ করে তিনি বলেছেন, ‘পিসিবি কীভাবে আশা করে যে আমরা সবকিছু সামলে নিতে পারব, যদি তারা আমাদের কষ্টার্জিত টাকা পরিশোধ না করে। টাকা পরিশোধে পিসিবি যে দেরি করছে, এর ক্ষতিপূরণ তারা কীভাবে দেবে?’ কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাঁদের কেন বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে, এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাট।সালমান বাট ও মোহাম্মদ আসিফের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির শীর্ষ কর্মকর্তা জহির খান। কিন্তু তাঁদের বিরুদ্ধে আইসিসির তদন্ত চলছে বলে এই মুহূর্তে টাকাটা পরিশোধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। পিটিআই।