পিসিবির কাছে হাফিজের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হাহাকারটা প্রায়ই শোনা যায়। মুশফিকুর রহিম, তামিম ইকবালরা সুযোগ পেলেই উচ্চকিত হন আরও বেশি টেস্ট খেলতে চাওয়ার দাবিতে। একই দাবি এবার শোনা গেল মোহাম্মদ হাফিজের কণ্ঠেও। পাকিস্তান সহ-অধিনায়ক পিসিবিকে অনুরোধ করেছেন, আরও বেশি টেস্ট ম্যাচের ব্যবস্থা করতে। হাফিজের আক্ষেপের কারণ আছে যথেষ্টই। গত পাঁচ বছরে মাত্র ৩৫টি টেস্ট খেলেছে পাকিস্তান। বাংলাদেশ (২৬) ও জিম্বাবুয়েই শুধু খেলেছে এর চেয়ে কম। এই সময় ৬৩টি টেস্ট খেলেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ৬০টি আর ভারত ৫৬টি। অথচ টেস্টেই পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স সবচেয়ে ভালো। টি-টোয়েন্টি-ওয়ানডে র্যা ঙ্কিংয়ের সেরা পাঁচে না থাকলেও টেস্টে আছে চার নম্বরে। গত বছর সেই সময়ের এক নম্বর দল ইংল্যান্ডকে করেছে ধবলধোলাই।কিন্তু গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পর থেকে আর টেস্ট খেলেনি পাকিস্তান। আসছে দক্ষিণ আফ্রিকা সফরে তাই আবার এক রকম নতুন করেই গুছিয়ে নিতে হবে দলকে। স্বাভাবিকভাবেই বেশ হতাশ হাফিজ, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে, আমরা টেস্ট খুব কমই খেলার সুযোগ পাই। গত জানুয়ারিতে আমরা তিনটি টেস্ট খেলেছি, এরপর জুনে তিনটি। ছয় মাসেরও বেশি সময় পর এখন খেলতে যাব দক্ষিণ আফ্রিকায়। আমাদের জন্য এটা খুবই কঠিন। আমি বোর্ডকে বলব, এই ব্যাপারটা গুরুত্ব সহকারে নিতে এবং আমাদের জন্য আরও বেশি টেস্ট ম্যাচের ব্যবস্থা করতে। কারণ আমি বিশ্বাস করি, ক্রিকেটাররা উন্নতি করতে পারে শুধু টেস্ট খেলেই।’এ বছর অবশ্য একটু বেশি টেস্ট পাচ্ছে পাকিস্তান। আইসিসির ভবিষ্যৎ সূচিতে ১০টি টেস্ট আছে পাকিস্তানের। তবে আগামী বছর অস্ট্রেলিয়া সিরিজের আগে আবার ছয় মাসের দীর্ঘ বিরতি। আইসিসির ভবিষ্যৎ সূচি তৈরি সময় পিসিবিকে তাই আরেকটু সক্রিয় হতে বলছেন হাফিজ, ‘টেস্ট ক্রিকেট থেকে মানসম্পন্ন ক্রিকেটার বেরিয়ে আসে। আমরা যেমন পেয়েছি আজহার আলী, আসাদ শফিককে। কিন্তু বছরে মাত্র ছয়টি টেস্ট খেললে কাজটা খুব কঠিন হয়ে যায়। পরবর্তী ভবিষ্যৎ সূচি তৈরির সময় পিসিবিকে আরও লড়াই করতে হবে।’ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দাপটে টেস্ট বাড়ানোর কাজটা কঠিনই হবে পিসিবির জন্য। তবে আপাতত হাফিজদের জন্যও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে তাদের মাটিতেই। তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। সংযুক্ত আরব আমিরাতে দুই দলের মধ্যকার সর্বশেষ সিরিজটি ড্র হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাত আর দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আকাশ-পাতাল তফাত। সেটি পাকিস্তানের এই দলের বেশির ভাগ খেলোয়াড়েরই জানা নেই। ২০০৭ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল পাকিস্তান। ওই দলের মাত্র তিনজন আছেন এবারের দলে—হাফিজ, ইউনুস খান ও ফয়সাল ইকবাল। চ্যালেঞ্জটা কঠিন হলেও হাফিজকে অনুপ্রেরণা জোগাচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ জয়। হোক সেটা ওয়ানডে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে চাপ তো ছিল পাহাড়সমান! সেই চাপকে জয় করে দলের মনোবল নাকি অনেক বেড়ে গেছে, ‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন। ২০০৭ সালে ওখানে খেলেছিলাম, কিন্তু এবার আমরা পুরোই নতুন সমন্বয় নিয়ে যাচ্ছি। ১০ দিন আগেই আমরা ওখানে চলে যাচ্ছি, টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও আছে। প্রস্তুতি তাই ভালোই হবে। ব্যাটিং-বোলিং মিলিয়ে ওদের দল দারুণ। তবে আমরাও ওখানে যাচ্ছি ভারতে সিরিজ জিতে, যা আমাদের মনোবল অনেক উঁচুতে নিয়ে গেছে।’দক্ষিণ আফ্রিকাতেও সাফল্য পেলে হয়তো বেশি টেস্ট খেলার দাবিটা আরও জোরেশোরে তুলতে পারবেন হাফিজরা! ওয়েবসাইট।