পিসিবির কাছে ৮০ লাখ রুপি পায় ভারতীয় বোর্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা ঠিক ভালোভাবে হজম করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের কাছে ৭০ থেকে ৮০ লাখ রুপি পায় বলে খবর বেরিয়েছে। কিন্তু পিসিবি কিছুতেই বুঝে উঠতে পারছে না, কোন হিসাবে এই বিশাল অঙ্কের দেনা তাদের পড়ে আছে বিসিসিআইয়ের কাছে? আর তাই ব্যাখ্যা চেয়ে বিসিসিআইয়ের কাছে চিঠি লিখেছে পিসিবি।
সম্প্রতি বিসিসিআইয়ের একটি সভার পর খবর বেরোয়, বেশ কয়েকটি টেস্ট খেলুড়ে দেশের কাছে মোটা অঙ্কের সব পাওনা পড়ে আছে ভারতের। এর মধ্যে আছে পিসিবিও। ২০০০-০১-এর শুরু থেকে এই পাওনা অপরিশোধিত হয়ে আছে বলে জানানো হয়েছে খবরে। বিসিসিআই ঠিকমতো ব্যাখ্যা দিতে পারলে পিসিবি পাওনা শোধ করে দিতে রাজি আছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
বার্তা সংস্থা পিটিআইকে ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের কাছে চিঠি লিখে জানতে চেয়েছি, আমাদের যেন অনুগ্রহ করে এই দেনার অঙ্কের বিস্তারিত জানানো হয়। এখন পর্যন্ত আমরা পরিষ্কার কোনো জবাব পাইনি। শুধু বলা হয়েছে, এই অর্থ দ্বিপক্ষীয় সিরিজ চলার সময় পিসিবির পক্ষে খরচ করেছে বিসিসিআই।’
পিসিবির আরেক কর্মকর্তা বলেছেন, ‘সত্যিটা হলো, আয় ভাগাভাগি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে পিসিবির কোনো চুক্তি হয়নি। এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আমরাই ভারতে সংক্ষিপ্ত একটা সিরিজ খেলতে চেয়েছিলাম।’
দীর্ঘদিন থেকে পাকিস্তানে কোনো দল সফর না করায় পিসিবি এমনিতেই আর্থিক সংকটের মধ্যে আছে।