পিসিবির চুক্তিতে নেই শোয়েব, কামরান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শোয়েব মালিক, কামরান আকমল ও দানিশ কানেরিয়া। কাল ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন শ্রেণীতে কেন্দ্রীয় চুক্তির জন্য যে ২৩ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পিসিবি, তাতে নেই এই তিনজনের নাম।পাতানো খেলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকায় মালিক ও কানেরিয়াকে চুক্তির বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। আর কামরান বাদ পড়েছেন বাজে ফর্ম এবং ফিটনেসজনিত কারণে। বোর্ডের ওপর অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া শহীদ আফ্রিদিকেও কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে।এএফপি।অধিনায়ক মিসবাহ-উল হক ছাড়া ‘এ’ শ্রেণীতে আরও আছেন ইউনুস খান, উমর গুল, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল ও আবদুর রেহমান। এই শ্রেণীর খেলোয়াড়দের মাসিক পারিশ্রমিক আড়াই লাখ রুপি। এক লাখ ৭৫ হাজার রুপির ‘বি’ শ্রেণীতে আছেন আবদুল রাজ্জাক, ইমরান ফারহাত, সোহেল তানভির, উমর আকমল, আজহার আলী, আসাদ শফিক, ওয়াহাব রিয়াজ ও তৌফিক উমর। জুনায়েদ খান, তানভির আহমেদ, সরফরাজ আহমেদ, সোহেল খান, আদনান আকমল, ইয়াসির শাহ, রমিজ রাজা এবং শারজিল খান আছেন মাসিক এক লাখ রুপির ‘সি’ শ্রেণীতে।