পিসিবির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সুপারিশ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটকে সরিয়ে দিতে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির প্রতি আহ্বান জানিয়েছেন একজন প্রভাবশালী সাংসদ। দুই পৃষ্ঠায় লিখিত ওই চিঠিতে দলের বাজে পারফরম্যান্স ও বিশৃঙ্খলার জন্য ইজাজ বাটের প্রশাসনকে দায়ী করেছেন জাতীয় সংসদের ক্রীড়াবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধান ইকবাল মোহাম্মদ আলী। ক্রিকইনফো।পিসিবির পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারিকে পাঠানো চিঠিতে মোহাম্মদ আলী লিখেছেন, ‘পিসিবি চেয়ারম্যান ও ঘনিষ্ঠজনেরা মিলে আপনার আত্মবিশ্বাসকে শেষ করে দিচ্ছে। দলের ম্যানেজমেন্টে নিয়মকানুনের কোনো বালাই নেই। সবাই মিলে বোর্ডকে একটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে।’সম্প্রতি বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আমির সোহেল, আবদুল কাদির ও ইকবাল কাশিমের মতো সাবেক ক্রিকেটাররা। সাবেকদের এ পদত্যাগের জন্যও দায়ী করা হয়েছে পিসিবি প্রেসিডেন্টকে। সাংসদ লিখেছেন, ‘তাঁদের সরে দাঁড়ানোর কারণ হলো ইজাজ বাটের স্বেচ্ছাচারিতা।’কোনো সংগঠনের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করার এখতিয়ার সংসদের উচ্চ ও নিম্নকক্ষের স্ট্যান্ডিং কমিটির নেই। কমিটি কেবল সরকারের কাছে সুপারিশ পেশ করতে পারে। বোর্ডের দুরবস্থার বিবরণ দেওয়ার পর মোহাম্মদ আলী তাঁর সুপারিশে লিখেছেন, ‘ইজাজ বাটের অদক্ষতার কারণে আন্তর্জাতিক পর্যায়ে অনেক লজ্জার জন্ম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর জায়গায় বোর্ডে একজন দক্ষ ও সত্ প্রশাসক অপরিহার্য হয়ে পড়েছে।’