পিসিবির চোখে দ্বিপাক্ষিক সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শুরু হয়েছে আইপিএল। আবারও নতুন করে শুরু হয়েছে পুরোনো বিতর্ক আর পাকিস্তানিদের আক্ষেপ। আইপিএলে কেন নেই পাকিস্তানি ক্রিকেটাররা? চ্যাম্পিয়নস লিগেই বা কেন নেই কোনো পাকিস্তানি দল! তবে পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ জানিয়েছেন, আপাতত এসব নিয়ে ভাবছেন না তাঁরা। পিসিবি বরং কাজ করছে ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক পুনঃস্থাপন নিয়ে। সেটি হলে বাকি সব এমনিতেই হয়ে যাবে।২০০৮ সালে প্রথম আইপিএলে খেলেছিলেন বেশ কজন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানি ক্রিকেটাররা কার্যত নিষিদ্ধ হয়ে আছেন আইপিএলে। নিলামে উঠলেও শহীদ আফ্রিদি, আবদুল রাজ্জাকদের কেনেনি কোনো দল। বিসিসিআইয়ের নিষেধ মেনেই যে কেনা হয়নি, এই সত্য মোটামুটি প্রতিষ্ঠিতই হয়ে গেছে।সুবহানের ধারণা, দুই দেশের ক্রিকেট-সম্পর্ক জোড়া লাগলে আর সব ব্যাপারও আপনা-আপনিই ঠিক হয়ে যাবে, ‘সত্যি বলতে, আমাদের ক্রিকেটারদের আইপিএল বা চ্যাম্পিয়নস লিগে খেলার ব্যাপারে ভারতের ক্রিকেট কর্তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। সাম্প্রতিক সময়ে আমাদের মূল মনোযোগ ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক আবার জোড়া লাগানোর দিকে। ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হলে সবকিছুই আবার ঠিক হয়ে যাবে।’ ২০০৭-০৮ মৌসুমে ভারতের মাটিতে সিরিজের পর থেকেই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।কয়েক দিন আগে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে ছয়বারের চ্যাম্পিয়ন দলটির অধিনায়ক শোয়েব মালিক পিসিবিকে অনুরোধ করেছেন তাঁর দলকে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ করে দিতে। কিন্তু সুবহান আহমেদের কথায় কোনো আশার আলো নেই মালিকদের জন্য, ‘আমরা মালিকের হতাশাটা বুঝি। কিন্তু অতীতে এ ব্যাপারে ভারতীয় বোর্ডের সঙ্গে আমরা যতবার কথা বলেছি, কোনো ইতিবাচক সাড়া পাইনি। এ জন্য এটা নিয়ে কথা বলা বাদ দিয়েছি। কারণ আমাদের মনে হয়েছে, যে ব্যাপারটা একান্তই তাদের ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার, সেটার পেছনে ছুটে লাভ নেই।’ ওয়েবসাইট।