পিসিবির জবাবে বিসিবি
একটু দেরিতে হলেও পিসিবির বক্তব্যের জবাব দিয়েছে বিসিবি। পিসিবি দাবি করেছিল, বিপিএলের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগটা তাদের পাশ কাটিয়েই করেছে পিসিবি। কাল পাল্টা এক বিবৃতিতে বিসিবি বলল, পিসিবির এমন বক্তব্যে তারা বিস্মিত এবং হতাশ।বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর সব ক্রিকেট বোর্ডকেই চিঠি দিয়ে বিপিএলের জন্য খেলোয়াড় চায় বিসিবি। নিজ নিজ বোর্ডের নিয়মনীতি অনুযায়ী তাদের আগ্রহী খেলোয়াড়দের ছাড়পত্র দিতে অনুরোধ করা হয় সে চিঠিতে। বিশ্বের সব বোর্ডকে পাঠানো সে চিঠির ধারাবাহিকতায়ই পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় বিপিএলের নিলাম এবং সেটা সারা বিশ্বের সংবাদমাধ্যমেই এসেছে। এ নিয়ে বিসিবি-পিসিবির ধারাবাহিক যোগাযোগের কোনো পর্যায়েই পিসিবি বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেনি। খেলোয়াড়দের ছাড়তে পিসিবি শেষ মুহূর্তে অস্বীকৃতি জানানোয় বিসিবি বিস্মিত। বিপিএলের আয়োজক এবং ফ্র্যাঞ্চাইজিরা এতে বিব্রতকর অবস্থায় পড়েছে।পিসিবির বিবৃতিতে বিসিবির প্রতি তাদের অতীত সমর্থনের কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। বিসিবিও তাদের বিবৃতিতে পাল্টা মনে করিয়ে দিয়েছে, ২০০৮ সালের পাকিস্তান সফরের কথা। নিরাপত্তার কারণে ওই বছরের মার্চে অস্ট্রেলিয়া দল পাকিস্তান সফরে অস্বীকৃতি জানালেও পরের মাসেই পাঁচ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সেখানে জাতীয় দল পাঠায় বিসিবি। এ ছাড়া পাকিস্তানি খেলোয়াড়দের প্রথম বিপিএলে খেলতে দেওয়াটাকেও সে দেশের ক্রিকেট বোর্ডের প্রতি বিসিবির সমর্থন হিসেবেই উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।বিসিবির প্রতি পিসিবির ক্ষোভটা মূলত বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছে না বলেই। এ ব্যাপারে বিসিবি আবারও বলেছে, সফরের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে খেলোয়াড়দের নিরাপত্তাই।