পিসিবির তোড়জোড় এবার ‘সুপার টি-টোয়েন্টি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগব্যাশ, আইপিএল, বিপিএল, এসএলপিএলের আদলে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের পথে অনেক দূর এগিয়ে গেছে পাকিস্তান। খুব সম্ভবত মার্চেই মাঠে গড়াতে যাচ্ছে এই টি-টোয়েন্টি লিগ। পাকিস্তানের পত্রিকা ‘দ্য নেশন’ জানিয়েছে, আজ বৃহস্পতিবার লাহোরের একটি হোটেলে এই লিগের লোগে উন্মোচন করার কথা পিসিবির প্রধান জাকা আশরাফের।সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী ২৪ মার্চ লাহোরে এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর কথা। ‘পাকিস্তান সুপার টি-টোয়েন্টি লিগ’ নামের এই প্রতিযোগিতা আয়োজনে ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করেছে পিসিবি। আইসিসির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাত নাকি এই প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ভারতের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও নাকি ‘পাকিস্তান সুপার টি-টোয়েন্টি লিগ’ আয়োজনের পরামর্শক হিসেবে নেওয়া হচ্ছে।হারুন লরগাতই আপাতত এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে চমক হিসেবে রয়েছেন। হারুন লরগাত আর ওই ভারতীয় প্রতিষ্ঠানটি নাকি এই প্রতিযোগিতায় বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে কাজ করছে। আপাতত ‘পাকিস্তান সুপার টি-টোয়েন্টি লিগ’ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বিশ্বকে নিশ্চিত করতে চাচ্ছে যে ক্রিকেটের জন্য দেশটি সম্পূর্ণ নিরাপদ। এর আগে গত বছর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ চালুর সময়ও দেশটিকে সহায়তা করেছিলেন লরগাত। ভারতীয় একটি কোম্পানি পাকিস্তান সুপার লিগের পরামর্শক হিসেবে কাজ করবে।নিজ দেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বড় মঞ্চে এসে পারফরম্যান্স দেখানোর সুযোগ করে দেওয়াই পাকিস্তানের এই ঘরোয়া লিগের প্রধান উদ্দেশ্য। আর হারুন লরগাত ও ভারতীয় কোম্পানিটির সহায়তায় দেশের বাইরের ক্রিকেটারদের অংশগ্রহণও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পিসিবির এক সূত্র। তিনি বলেছেন, ‘প্রতিযোগিতাটির পরামর্শক হিসেবে হারুন লরগাতের উপস্থিতির ফলে দেশের বাইরের কিছু উল্লেখযোগ্য ক্রিকেটারকেও এখানে পাওয়া যাবে বলে আশাবাদী পিসিবি।’মার্চে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পরপরই শুরু হবে ‘পাকিস্তান সুপার টি-টোয়েন্টি লিগ’।