পিসিবির দুঃখটা বুঝছে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির হয়েছে উভয় সংকট। এ কূল রাখলে ও কূল যায়। ও কূল রাখলে এ কূল। নিরাপত্তার প্রশ্নে একবিন্দু ছাড় দেওয়া সম্ভব নয় বলে আপাতত পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়াই ছিল যৌক্তিক। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও পিছু হটায় সম্ভাব্য কূটনৈতিক বিপর্যয়টাও যে চোখ রাঙাচ্ছে!পরশু পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত জানানোর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসানেরও মূল শঙ্কা ছিল এ নিয়ে। রাতেই পাকিস্তান থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসা শুরু। বিসিবির চিঠির জবাব না দিলেও পিসিবির প্রধান জাকা আশরাফ সংবাদমাধ্যমে হুংকার ছাড়লেন, বিসিবির সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারটি নতুন করে ভাবতে হবে। পিসিবি কড়া সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বিসিবির সভাপতির বক্তব্য সঠিক নয়।এ রকম একটা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল বিসিবি। পাকিস্তানের দুঃখ হূদয়ঙ্গম করে বোর্ড সভাপতি নাজমুল হাসান বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। কাল বিপিএলের এক সংবাদ সম্মেলনে প্রসঙ্গ উঠতেই বললেন, ‘ওনাদের সেন্টিমেন্টটা আমি বুঝি। আমাদের ক্ষেত্রে এটা হলে আমাদেরও খারাপ লাগত।’ হতে পারে কূটনৈতিক স্বার্থেই তাঁর এই অবস্থান। তবে নাজমুল হাসান আবারও জোর দিয়ে বলেছেন, ‘আমরা যাব না, বলিনি। পরিস্থিতির উন্নতি হলেই পাকিস্তানে দল পাঠানোর প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব।’ আপাতত পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বলেছেন, ‘এটা ইচ্ছাকৃত নয়। এখানে রাজনীতি নেই। আমরা পরিস্থিতির শিকার।’আন্তর্জাতিক ক্রিকেটে বিসিবি এমনিতেই পেছনের বেঞ্চে বসা ‘ছাত্র’। সেখান থেকে কিছু আদায় করে আনতে প্রতিবেশী বোর্ডগুলোর সমর্থন বেশ গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশকে কিছু তো সমস্যায় ফেলবেই। বিপিএলে পাকিস্তানের খেলোয়াড় পাঠানোর ব্যাপারে পিসিবির সর্বশেষ অবস্থানও সে ইঙ্গিত দিচ্ছে। তবে বিসিবির সভাপতি এখনো ‘আশ্বাস ও বিশ্বাস’ নিয়ে অপেক্ষায় আছেন, বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়েরা আসবেন, ‘পিসিবির প্রধান সরাসরি বলেননি পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএলে খেলতে দেবেন না। তবে তাঁরা ওই সময় একটা ঘরোয়া টুর্নামেন্ট করবেন। হতে পারে সেটা পাকিস্তানের খেলোয়াড়দের বিপিএলে আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে। তবে আমি মনে করি, বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়েরা আসবে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তানের সুসম্পর্ক আগের মতোই বজায় থাকবে।’দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপড়েনের প্রথম ধাক্কা বিপিএলেই লাগার কথা। পাকিস্তানের খেলোয়াড়দের আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্পনসররা নাকি এরই মধ্যে দুশ্চিন্তায় পড়ে গেছেন। যদিও বিপিএল-সংশ্লিষ্টরা আশাবাদী, পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণেই হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর।স্পনসরদের দুশ্চিন্তা দূর করতে একটা উদ্যোগ নিয়েছেন বলে জানালেন দুরন্ত রাজশাহীর কর্ণধার মুশফিকুর রহমান। পাকিস্তানের খেলোয়াড়েরা যে বিপিএলে খেলতে আসবেন, স্পনসরদের সে ব্যাপারে আশ্বস্ত করতে তিনি নাকি ঢাকায় উড়িয়ে আনছেন পাকিস্তানের অলরাউন্ডার আবদুল রাজ্জাককে। মুশফিকুর রহমানের বিশ্বাস, বিপিএলের ৫৭ ক্রিকেটারের মধ্যে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা চারজন ছাড়া বাকিদের টুর্নামেন্টে পাওয়া যাবে। একই আশা বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীরও। দলটির একমাত্র পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি টেলিফোনে বিপিএলে খেলতে আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তিনি।তার পরও যদি না-ই পাওয়া যায় পাকিস্তানের ক্রিকেটারদের, বিকল্প ভেবে রেখেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা, ‘সে ক্ষেত্রে আমরা নিলামের অবিক্রীত খেলোয়াড়দের নেব।’বিপিএলের জৌলুশ রক্ষার চ্যালেঞ্জ তো আছেই, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত রাখতেও পিসিবির সঙ্গে সুসম্পর্ক জরুরি। তবে তার অর্থ এই নয়, অনিরাপদ পাকিস্তানে পাঠাতে হবে জাতীয় দল। প্রাথমিক ধাক্কাটা কমে আসার পর অন্য কূটনৈতিক তৎপরতায়ও চলতে পারে সম্পর্কোন্নয়ন। পাকিস্তানে প্রতিনিধিদল পাঠিয়ে জাকা আশরাফের মান ভাঙানোর চেষ্টা করা যায় কি না, তা নিয়েও ভাবতে শুরু করেছে বিসিবি।