পিসিবির নতুন নাটক ‘বদলি বদল’
বেশ কদিন হয়ে গেল নতুন কোনো ‘নাটক’ নেই। কিন্তু পাকিস্তানের ক্রিকেটে ঝামেলা হবে না, এটা কী করে হয়। ‘বিজ্ঞাপন-বিরতি’ শেষে যেমন শুরু হয় নাটক, পাকিস্তান ক্রিকেটেও তেমনি নতুন প্রহসন! টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে উমর গুল ও ইয়াসির আরাফাতের বদলি নিয়েও হয়ে গেল এক পশলা নাটক। হঠাৎ করে ইনজুরিতে পড়া এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে প্রথমে নাম ঘোষণা করা হয়েছিল মোহাম্মদ সামি ও মোহাম্মদ ইরফানের। তখনই অনেকে প্রশ্ন তুলেছিলেন, কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক মিলে এই যে সিদ্ধান্ত নিলেন, তাতে বোর্ড-প্রধান ইজাজ বাটের সম্মতি আছে তো? প্রধান নির্বাচক মহসিন খান বলেছিলেন, সম্মতি আছে। কিন্তু ঘাপলা যে একটু ছিল এটা নিশ্চিত হয়ে গেল। ইরফান নয়, সামির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন আবদুর রেহমান!শহীদ আফ্রিদি, ওয়াকার ইউনুস ও মহসিন খান রোববার সকালে সামি ও ইরফানকে নিশ্চিত করেছিলেন। ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটারদের একজন ইরফানের ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন আফ্রিদি। ইরফানকে বিশ্বকাপে তাঁর ‘গোপন অস্ত্র’ও বলেছিলেন পাকিস্তান অধিনায়ক। তবে পরশুই পিসিবির সদর দপ্তরে এই তিনজনের সঙ্গে বাটের বৈঠকের পর ঘোষণা করা হয় রেহমানের নাম। বাঁহাতি স্পিনার রেহমান পাকিস্তানের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০০৭ সালে। দুটি টেস্ট ও ১১টি ওয়ানডে খেলা রেহমান টি-টোয়েন্টি খেলেছেন দুটি। ‘বদলি’ ক্রিকেটারের নাম বদলে যাওয়ার পেছনে বোর্ড ও নির্বাচকদের মাঝে যোগাযোগের অভাবকেই দায়ী করেছে পিসিবি। আর ৩০ জনের প্রাথমিক দলে না থাকাটাকেই বলা হয়েছে ইরফানকে নেওয়ায় সবচেয়ে বড় বাধা। সামিকে নিয়ে অবশ্য কোনো সংশয় নেই। অভিজ্ঞ এই পেসারকে দলে নেওয়ায় উচ্ছ্বসিত জাভেদ মিয়াঁদাদ, আমির সোহেল, রশিদ লতিফের মতো পাকিস্তানের সাবেকেরাও। সামির পুরো ক্যারিয়ারটাই প্রতিফলিত হয়েছে পিসিবির মহাপরিচালক মিয়াঁদাদের কথায়, ‘সামির অমিত সম্ভাবনা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সে তা পূরণ করতে পারেনি। এখন তার সামনে ভালো একটা সুযোগ দলে জায়গা পাকা করে নেওয়ার।’ ওয়েবসাইট।