পিসিবির নতুন প্রধান নির্বাচক মঈন
ব্যাট হাতে তাঁর পরিচয় ছিল ‘ক্রাইসিসম্যান’। দলের বিপর্যয়ে ত্রাতা হয়েছেন অনেকবারই। চমকে দিতেন উদ্ভাবনী সব শট খেলে। দেখিয়েছেন বিদ্যুদ্গতির অ্যালান ডোনাল্ডকে সুইপ খেলার সাহসও। উইকেটের পেছনে নিখুঁত না হলেও সব সময় ফুটতেন টগবগ করে। তাঁর ‘শাবাশ সাকি’ চিৎকার কাঁপিয়ে তুলত মাঠ, দলের জন্য ছিলেন মনোবল বাড়ানোর টনিক। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে সেই মঈন খানকেই ফিরিয়ে আনা হলো একটি গুরুদায়িত্ব দিয়ে। সাবেক অধিনায়ককে পাকিস্তানের প্রধান নির্বাচক মনোনীত করেছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। ৪১ বছর বয়সী মঈন পাকিস্তানের কনিষ্ঠতম প্রধান নির্বাচক। গতকাল লাহোর পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নাজাম শেঠির সঙ্গে মঈন দেখা করার পরপরই এসেছে এই ঘোষণা। আগের প্রধান নির্বাচক ইকবাল কাশিম ৮ জুলাই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। ১৪ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৬৯টি টেস্ট ও ২১৯টি ওয়ানডে খেলেছেন মঈন, নেতৃত্ব দিয়েছেন ১৩ টেস্ট ও ৩৪ ওয়ানডেতে। ২০০৪ সালে অবসর নেওয়া পর থেকে জড়িত ছিলেন কোচিংয়ে। মঈনের নেতৃত্বাধীন কমিটিতে আছেন সেলিম জাফর, আজহার খান, ফাররুখ জামান ও আসিফ বালুচ। তাঁদের মধ্যে আসিফ বালুচই শুধু টেস্ট খেলেননি।দায়িত্ব নেওয়ার পর মঈন খান বলেছেন, ‘জাতীয় নির্বাচক কমিটির প্রধান হওয়াটা দারুণ সম্মানের। অতীতে এই পদে ছিলেন অনেক গ্রেট, সর্বশেষ ছিলেন ইকবাল কাশিমের মতো কিংবদন্তি স্পিনার। পাকিস্তানের মতো দেশে প্রধান নির্বাচকের দায়িত্বটা দারুণ চ্যালেঞ্জিং। কারণ ক্রিকেট নিয়ে ভীষণ আবেগপ্রবণ দেশে দল নির্বাচনের কাজ সহজ নয়। আমি খুশি, ২০১৫ বিশ্বকাপের জন্য প্রতিভাবান ক্রিকেটারদের একটি দল গড়ে তোলার ক্ষেত্রে আমার ও পিসিবির ভাবনা মিলে গেছে।’মঈন ২০১৫ বিশ্বকাপের কথা বলছেন বটে, তবে পিসিবির ভারপ্রাপ্ত কমিটি নির্বাচক কমিটির কোনো নির্দিষ্ট মেয়াদ জানায়নি। এএফপি, ওয়েবসাইট।