পিসিবির নতুন সভাপতি জাকা আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে ইজাজ বাটের চুক্তির সময় শেষ হয়েছিল গত ৮ অক্টোবর। তাঁর উত্তরসূরি হিসেবে পিসিবির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন দেশটির শীর্ষ ব্যবসায়ী ও ব্যাংকার জাকা আশরাফ। তবে বোর্ডের সংবিধান অনুযায়ী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়নি তাঁকে। বরং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আশরাফই এ দায়িত্ব পালন করবেন।পিসিবির সভাপতি হিসেবে জাকা আশরাফের নিয়োগটা প্রায় নিশ্চিতই ছিল। সে কারণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই ১১ অক্টোবর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি রাষ্ট্রপতি জারদারির আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমার প্রধান লক্ষ্য থাকবে বহির্বিশ্বে পাকিস্তানি ক্রিকেটের ভাবমূর্তি উন্নয়ন ও জুয়ারি, ম্যাচ ফিক্সারদের কর্মকাণ্ড বন্ধ করা।’ ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নেরও প্রতিশ্রুতি দিয়েছেন আশরাফ। তিনি বলেছেন, ‘পাকিস্তান ও ভারত, দুই দেশের মানুষই ক্রিকেট খুব ভালোবাসে। কাজেই আমি এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতির জন্য অবশ্যই কাজ করব।’পিসিবি প্রধান হিসেবে নিয়োগের আগে পাকিস্তানের অন্যতম প্রধান ব্যাংক জারাই টারাকিয়াটি ব্যাংক লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আশরাফ। ক্রিকইনফো।