পিসিবির নিষেধাজ্ঞা একপেশে: ঘৌরি
অর্থের বিনিময়ে ম্যাচের সিদ্ধান্ত দিতে সম্মত হওয়ার অভিযোগে গত শনিবার চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি আম্পায়ার নাদিম ঘৌরি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এই নিষেধাজ্ঞাকে ‘একপেশে’ বলে আখ্যায়িত করেছেন তিনি। ঘৌরির দাবি, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়।ভারতীয় টেলিভিশন ইন্ডিয়া টিভির ছদ্মবেশী সাংবাদিকদের গোপন ক্যামেরার সামনে অর্থের বিনিময়ে সিদ্ধান্ত দিতে সম্মত হওয়ায় গত পরশু ঘৌরি ছাড়াও তিন বছরের জন্য নিষিদ্ধ হন আরেক পাকিস্তানি আম্পায়ার আনিস সিদ্দিকী। একই ঘটনায় গত মাসের মাঝামাঝি সময়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ।গতকাল রোববার নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে নাদিম ঘৌরি বলেন, ‘এটা একপেশে সিদ্ধান্ত। আমি মোটেও খুশি নই।’ পিসিবির দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে ঘৌরি বলেন, ‘আমি কখনোই নৈতিকতার সঙ্গে আপস করি না। আমাকে পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগও দেয়নি পিসিবি। আমি এই শাস্তির বিরুদ্ধে আপিল করব। পিসিবির চেয়ারম্যানের কাছে অনুরোধ, যেন ন্যায়বিচার পাই।’অর্থের বিনিময়ে ম্যাচের সিদ্ধান্ত দেওয়ায় সম্মতি প্রসঙ্গে ঘৌরি বলেন, ‘এটা সত্যি নয়। আম্পায়ার হিসেবে আমি শুধু আমার অভিজ্ঞতার কথা জানিয়েছিলাম। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে চুক্তির প্রস্তাব দিয়ে ওরা আমাকে ফাঁদে ফেলেছিল। ওই লিগ এরই মধ্যে হয়েছে। সেখানে শ্রীলঙ্কান আম্পায়াররাই ম্যাচ পরিচালনা করেছেন।’গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছদ্মবেশী সাংবাদিকের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয় আম্পায়ারকে ফাঁদে ফেলে ইন্ডিয়া টিভি। ‘অপারেশন ওয়ার্ল্ড কাপ’ নামের ওই অভিযানের ফাঁদে পা দিয়েছিলেন বাংলাদেশের নাদির শাহ, পাকিস্তানের নাদিম ঘৌরি ও আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেশানায়েকে, মরিস উইনস্টন ও সাগারা গালাগে। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদকেও। তবে ছদ্মবেশী সাংবাদিকের প্রস্তাবে সাড়া দেননি তিনি।