পিসিবির সভাপতিকে মিয়াঁদাদের একহাত

নাজাম শেঠির কার্যকলাপ একেবারেই পছন্দ হচ্ছে না জাভেদ মিয়াঁদাদের। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মতে, শেঠি যেভাবে জাতীয় দলের কোচ, ম্যানেজার ও প্রধান নির্বাচকের নিয়োগ দিয়েছেন, সেটা অনৈতিক ও গঠনতন্ত্রবিরোধী।
পাকিস্তান ক্রিকেটে সন্দেহ-সংশয় আর কাদা ছোড়াছুড়িটা নতুন কিছু নয়। পিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হয়ে নাজাম শেঠি উদ্যোগগুলো নিয়েছেন, সেটা নিয়ে সমালোচনা হবে না, তা বোধ হয় শেঠি নিজেও কোনোদিন ভাবেননি। কিন্তু মিয়াঁদাদের কাছ থেকে আক্রমণটা যে এই লাইনে আসবে, তা শেঠি কেন, অনেকের কাছেই অভাবনীয়।
মিয়াঁদাদের বক্তব্য, যে বোর্ড সভাপতি সীমিত সময়ের জন্য নিয়োগ পেয়েছেন, তিনি কোনোমতেই দীর্ঘমেয়াদে জাতীয় দলের ম্যানেজমেন্ট নিয়োগ করতে পারেন না। মিয়াঁদাদের ইঙ্গিতটা মঈন খান ও ওয়াকার ইউনুসের নিয়োগ নিয়েই, ‘শেঠি নিজেই যেখানে অন্তর্বর্তীকালীন নিয়োগে আছেন, তিনি কীভাবে মঈন খান ও ওয়াকার ইউনুসকে দুই বছরের জন্য প্রধান নির্বাচক ও কোচ হিসেবে নিয়োগ দেন! পুরো ব্যাপারটিই পিসিবির গঠনতন্ত্রবিরোধী।’
মিয়াঁদাদের মতে, শেঠির একমাত্র কাজ পিসিবিতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে বোর্ডের গণতন্ত্রায়ণ। তিনি তা না করে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত আছেন। তিনি তাঁর কার্যপরিধির সীমা অনেক আগেই অতিক্রম করে গেছেন।’ এএনআই।