পিসিবির সাফাই!
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। সালমান বাট ১০, মোহাম্মদ আসিফ সাত এবং মোহাম্মদ আমির তিন বছরের জন্য নিষিদ্ধ। তিনজনের বিরুদ্ধে লন্ডনে ফৌজদারি মামলার কার্যক্রম চলছে। খবরটা পুরোনো। তবে পুরোনো খবরটাই আবারও সামনে এনেছেন নিষেধাজ্ঞায় থাকা আসিফ। গত সপ্তাহে এক সাক্ষাত্কারে এই ফাস্ট বোলার অভিযোগ করেন, তাঁদের ‘বিপদের’ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যথেষ্ট সহায়তা করেনি।আসিফের অভিযোগ ‘মিথ্যে’ বলে দাবি করেছে পিসিবি। গতকাল সোমবার এক বিবৃতিতে পিসিবি দাবি করেছে, স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত তিন ক্রিকেটারকে সব ধরনের সহায়তা দিয়েছে বোর্ড। বিবৃতিতে জানানো হয়, ক্রিকেটারদের সহায়তার জন্য ব্রিটেনের শীর্ষ আইনজীবীদের নিয়োগ করেছিল পিসিবি। পাকিস্তান থেকে একজন আইন উপদেষ্টা পাঠানো হয়েছিল। ক্রিকেটারদের সহায়তায় সম্ভব সব ধরনের চেষ্টা করেছে বোর্ড। আসিফ যে অভিযোগ করেছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও বানোয়াট। ওয়েবসাইট।