পিসিবির ‘হাফিজ’ রঙ্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। আসন্ন ভারত সফরেও নেতৃত্বে থাকবেন তিনি। তবে বিস্ময়কর হলেও সত্যি, চলমান ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ১৪ দলের কোনোটিরই অধিনায়কত্ব হাফিজের কাঁধে তুলে দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।কেন নেতৃত্ব দেওয়া হলো না হাফিজকে? জাতীয় দলের অধিনায়ককে কেন অন্যের অধীনে খেলতে হবে? তাহলে কি হাফিজ ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন? প্রশ্নগুলো তুলেছে পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’।প্রশ্নগুলো ওঠা অস্বাভাবিক নয়। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিলে এখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেন হাফিজ। নিজের ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার সুযোগ পেতেন। সহজ এই ব্যাপারটা বোঝার জন্য বড় মাপের বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই, সাধারণ জ্ঞানই যথেষ্ট। সব কিছু বুঝেও পিসিবি যে বিস্ময়কর এই সিদ্ধান্ত নিল, এর পেছনে নিশ্চয়ই হাফিজের প্রতি কোনো ধরনের আস্থাহীনতা কাজ করেছে! ৩০ বছর বয়সী হাফিজ এত দিন খেলেছেন ফয়সালাবাদ উলফসের হয়ে। দলটির নেতৃত্বে আছেন পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক। অথচ পিসিবি এবার হাফিজকে অন্তর্ভুক্ত করেছে লাহোর লায়ন্সের দলে। এখানে মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে খেলতে হবে জাতীয় টি-টোয়েন্টি দলের এই অধিনায়ককে। এখানে আরেকটি তথ্য উল্লেখ না করলেই নয়—দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে উপেক্ষিত আছেন ইউসুফ।ফয়সালাবাদের না হোক, অন্য যেকোনো দলের নেতৃত্ব পেতে পারতেন হাফিজ। তাঁর প্রতি অবিচারই করেছে পিসিবি। উমর গুলের কথাই ধরুন। এত দিন পেশোয়ারের হয়ে খেলতেন গুল। এবার তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইসলামাবাদের দলে। তবে নিছক একজন খেলোয়াড় হিসেবে নয়, অধিনায়ক হিসেবে! গুলকে দল পরিবর্তন করে নেতৃত্ব দেওয়া হলে হাফিজ কেন বঞ্চিত হলেন?