পিস্টোরিয়াসই ঠান্ডা মাথার খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী রিভা স্টিনক্যাম্পের সঙ্গে পিস্টোরিয়াস  l ফা​ইল ছবি
বান্ধবী রিভা স্টিনক্যাম্পের সঙ্গে পিস্টোরিয়াস l ফা​ইল ছবি

বোমাই যেন ফাটালেন আরনল্ড পিস্টোরিয়াস। এত দিন ভাইপো অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ তিনিও অস্বীকার করে এসেছেন। অবশেষে ব্রিটিশ ট্যাবলয়েড মেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে আরনল্ড স্বীকার করলেন, সাবেক প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে ঠান্ডা মাথায় খুন করেছেন পিস্টোরিয়াস।
২০১৪ সালে প্রিটোরিয়ার একটি আদালত পিস্টোরিয়াসকে হত্যার দায়ে অভিযুক্ত করলেও সেই হত্যাকাণ্ড অনিচ্ছাকৃত ছিল বলে রায় দিয়েছিলেন। পরে অবশ্য স্টিনক্যাম্পের পরিবার এই রায়ের বিরুদ্ধে আবেদন করলে আদালত রায় পরিবর্তন করেন। ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের জন্য পিস্টোরিয়াসকে ১৫ বছরের কারাদণ্ডেও দণ্ডিত করেন। পিস্টোরিয়াস এই সাজা কমানোর আবেদন করেছেন।
কিন্তু আরনল্ড নিজেই এবার স্বীকার করে নিলেন আদালতে তাঁর ভাইয়ের ছেলের বিরুদ্ধে যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে তাঁর সঙ্গে তিনি একমত। তার মানে সাবেক এই প্যারালিম্পিয়ানের ১৫ বছরের কারাদণ্ড তিনি মেনে নিচ্ছেন। অভিযুক্ত হওয়ার পর থেকে পিস্টোরিয়াস তাঁর চাচা আরনল্ডের সঙ্গেই আছেন।
তবে পিস্টোরিয়াসের বিরুদ্ধে ওঠা আরেকটি অভিযোগ আরনল্ড উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত ক্যালভিন ও টমাস মোলেটের লেখা অস্কার ভার্সাস দ্য ট্রুথ বইতে এসেছে নতুন একটা তথ্য। বইয়ে বলা হয়েছে, ফরেনসিক প্রতিবেদনে স্টিনক্যাম্পকে গুলি করার পাশাপাশি ব্যাট দিয়ে পেটানোর প্রমাণও মিলেছে। পাওয়া গেছে দুজনের মধ্যে ধস্তাধস্তির আলামতও। বইতে লেখা হয়েছে স্টিনক্যাম্পের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে পিস্টোরিয়াস তাঁকে বাথরুমে বন্দী করে রাখেন। এরপর পিস্তল দিয়ে চারটি গুলি করে স্টিনক্যাম্পকে শেষ করে দেওয়া হয়। তবে আরনল্ডের দাবি, বইতে যা লেখা হয়েছে তা ডাহা মিথ্যা। ব্যাট দিয়ে পেটানোর কোনো ঘটনাই ঘটেনি। মেট্রোডটকম, মেইল অনলাইন।