পিস্টোরিয়াসের বিরুদ্ধে শাস্তিযোগ্য হত্যার অভিযোগ প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে নিষ্কম্প পিস্টোরিয়াস। ছবি: রয়টার্স।
আদালতে নিষ্কম্প পিস্টোরিয়াস। ছবি: রয়টার্স।

বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ প্রমাণ হয়নি। গতকাল এই রায়ে অস্কার পিস্টোরিয়াস স্বস্তি পেয়ে থাকলে আজ সেটা হয়তো উবে গেছে। কারণ পরিকল্পিত না হলেও খুন হয়েছে সেটা প্রমাণিত। আজ দক্ষিণ আফ্রিকার একটি আদালত তাঁর রায়ে বলেছেন, ইচ্ছাকৃত না হলেও এই খুনের দায় এড়াতে পারেন না পিস্টোরিয়াস। এই হত্যাও শাস্তিযোগ্য অপরাধ।
আজ আদালত পিস্টোরিয়াসের শাস্তির ব্যাপারে কোনো রায় দেননি। তবে বার্তা সংস্থাগুলো বলছে, দীর্ঘ মেয়াদে জেল হতে পারে পিস্টোরিয়াসের। পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণ হলে শাস্তির মাত্রা আরও বেশি হতো। তবে ‘বিশ্বের পা-বিহীন দ্রুততম মানব’ নামে খ্যাত পিস্টোরিয়াস একেবারেই হয়তো পার পেয়ে যাচ্ছেন না। ২০১৩ সালে ভালোবাসা দিবসের ভোরেই পিস্টোরিয়াসের ভালোবাসার মানুষটি নির্মমভাবে খুন হন।


এক বছরেরও বেশি সময় ধরে চলা মামলার রায় অবশেষে আজ প্রিটোরিয়ার আদালত থেকে ঘোষণা করা হলো। বিচারক থোকোজাইল মাসিপা বলেছেন, ভেতর থেকে বন্ধ বাথরুমের দরজায় গুলি করার সময় পিস্টোরিয়াস যথেষ্ট সতর্কতার পরিচয় দেননি। বিচারক বলেন, ‘একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাঁর বোঝা উচিত ছিল এভাবে গুলি করলে বাথরুমের ভেতরে যে-ই থাকুক না কেন, তিনি মারা যেতে পারেন। তাই এই পরিস্থিতি এড়ানোর জন্য অন্য কিছু করা উচিত ছিল তাঁর। সেটি করতে ব্যর্থ হয়েছেন অভিযোগ ওঠা ব্যক্তি।’

কার্বন ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়ে দৌড়ে ‘ব্লেড রানার’ খ্যাতি পেয়ে যাওয়া পিস্টোরিয়াস এ সময় আদালতে খুব বেশি প্রতিক্রিয়া দেখাননি। তবে স্টিনক্যাম্পের বন্ধু ও স্বজনদের মধ্যে একটা সশব্দ দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেছে।

প্রশ্ন হলো, ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ থেকে মুক্তি পেলেও পিস্টোরিয়াসের সাজা কী হতে যাচ্ছে? আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই রায় জানা যাবে। তবে অনিচ্ছাকৃত হত্যা শাস্তিযোগ্য অপরাধ হলেও শাস্তিটাও বাধ্যতামূলক নয়। ফলে এই রায়ের ব্যাপারে বিচারককে যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিতে হবে। এএফপি, রয়টার্স।