
কাঁদছেন অস্কার পিস্টোরিয়াস। টেলিভিশন সম্প্রচারের সুবাদে কাল সারা বিশ্বই দেখল একটা মুক্তির আনন্দে আবেগ সংবরণ করতে না-পারা ‘ব্লেড রানার’কে। দক্ষিণ আফ্রিকার পা-হীন অ্যাথলেটের কাঁদাই স্বাভাবিক। ছয় মাস ধরে চলা বিচারকাজ শেষে তখনই কেবল আদালত ঘোষণা করেছেন বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে ইচ্ছাকৃত খুন করেননি পিস্টোরিয়াস।
তাহলে খুন করেও ‘খুনি’ নন অস্কার পিস্টোরিয়াস! কাল প্রিটোরিয়ার আদালতে বিচারক থোকোজাইল মাসিপা পিস্টোরিয়াসকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়েছেন। যার অর্থ দীর্ঘমেয়াদি সাজা ভোগ করতে হচ্ছে না লন্ডন অলিম্পিকে সক্ষম অ্যাথলেটদের সঙ্গে অংশ নিয়ে তোলপাড় ফেলে দেওয়া দৌড়বিদকে। তবে এখনো অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগটা রয়ে গেছে। রয়ে গেছে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও। পিস্টোরিয়াস ওই অভিযোগে শাস্তি পাবেন কি না, সেটা জানা যাবে আজই। শাস্তি পেলেও সেটা হতে পারে ৭ থেকে ১৫ বছরের জেল। ইচ্ছাকৃত খুনের অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছর জেল হয়ে যেত পারত পিস্টোরিয়াসের।
‘রাষ্ট্রপক্ষ স্পষ্টভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে অভিযুক্ত খুনটা পরিকল্পনামাফিক করেছে’—প্রিটোরিয়ার হাইকোর্টে রায় ঘোষণার সময় বলেছেন বিচারক।
গত বছর ভ্যালেন্টাইন ডেতে নিজ বাড়ির বাথরুমে চোর সন্দেহে বান্ধবীকে গুলি করে হত্যা করেছিলেন পিস্টোরিয়াস। গুলি করার কথা স্বীকার করে পিস্টোরিয়াস আদালতে বলেছেন, তিনি ভেবেছিলেন ঘটনার সময় স্টিনক্যাম্প বিছানাতেই ছিলেন। কিন্তু বাদীপক্ষ দাবি করেছিল কথা-কাটাকাটির একপর্যায়েই রেগে গিয়ে খুনটা করেছেন ২৭ বছর বয়সী স্প্রিন্টার। তবে রাষ্ট্রপক্ষ দুজনের ঝগড়ার কোনো প্রমাণ হাজির করতে পারেনি আদালতে। পিস্টোরিয়াসের যেসব প্রতিবেশী গুলি ও চিৎকারের শব্দ শুনেছেন বলে সাক্ষ্য দিয়েছিলেন আদালতে সেসবও ভুল প্রমাণিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে প্রভাবিত হয়েই নাকি তাঁরা ভুল তথ্য দিয়েছেন, ‘মনে হচ্ছে তাঁরা নিজেরা যা জানতেন সেটিকে অন্যরা অথবা সংবাদমাধ্যম কী বলছে তা থেকে আলাদা করতে ব্যর্থ হয়েছেন।’
তবে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে সম্ভবত রেহাই পাচ্ছেন না পিস্টোরিয়াস। কাল আদালতের কার্যক্রম মুলতবি করার আগে বিচারকের কথায় ইঙ্গিত ছিল সেটারই, ‘আমার মনে হচ্ছে অভিযুক্ত খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে ও মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করেছে। আর তাই এটা স্পষ্ট তার আচরণ দায়িত্বপূর্ণ ছিল না।’
আদালতে পিস্টোরিয়াস ও স্টিনক্যাম্প দুজনেরই বাবা-মা উপস্থিত ছিলেন। হত্যার অভিযোগ থেকে পিস্টোরিয়াস মুক্তি পেয়ে যাওয়ায় স্টিনক্যাম্পের বাবা-মা আদালত ছেড়েছেন পাথুরে মুখে। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার আইনবিশেষজ্ঞরা। জোহানেসবার্গভিত্তিক আইনজীবী মার্টিন হুড এঁদের একজন। রায়ের প্রথম অংশ শুনেই এই আইনজীবী বলেছেন তিনি ‘স্তম্ভিত’। এই রায়ে দক্ষিণ আফ্রিকার বিচারব্যবস্থা প্রশ্নের মুখে পড়বে বলেই আশঙ্কা হুডের। এএফপি, বিবিসি।