পিস্টোরিয়াসের আত্মহত্যার চেষ্টা!

লন্ডন থেকে রিও ডি জেনিরো। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক এখন ব্রাজিলে। ২০১২ থেকে ২০১৬—সময়ের হিসাবে চার বছর। এই চার বছরে কত পরিবর্তনই তো হয়েছে! লন্ডনে সুস্থ-সবল অ্যাথলেটদের সঙ্গে দৌড়ে হইচই ফেলেছিলেন পা-হীন অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস। চার বছর পর যখন আরেকটি অলিম্পিক চলছে দক্ষিণ আফ্রিকার প্যারালিম্পিক তারকা টানছেন জেলের ঘানি। সেখানে থেকেই এবার শিরোনাম হলেন পিস্টোরিয়াস, হাতের কবজি কেটে ফেলে অলিম্পিকের মধ্যেই শোরগোল তুললেন। হাসপাতাল থেকেও ঘুরে আসতে হয়েছে তাঁকে।
জেলখানার আরেক বন্দীর সূত্র ধরে স্থানীয় পত্রিকা সিটি প্রেস বলেছে, শনিবার দুপুরে ইচ্ছে করেই হাত কেটেছেন পিস্টোরিয়াস। তাঁর কক্ষে নাকি ব্লেডও পাওয়া গেছে। তবে পিস্টোরিয়াসের পরিবার ও প্রিটোরিয়া কারা কর্তৃপক্ষ এসব দাবি উড়িয়ে দিয়েছে। চোটটা গুরুতর কিছু নয় বলে মন্তব্য করে আত্মহত্যার চেষ্টার দাবি উড়িয়ে দিয়েছেন কারাগারের মুখপাত্র, ‘অস্কার পিস্টোরিয়াস আত্মহত্যাচেষ্টার গুঞ্জনকে অস্বীকার করেছেন।’ পিস্টোরিয়াসের ভাই কার্ল পিস্টোরিয়াসও দাবি করেছেন ‘খবরটা পুরোপুরি অসত্য।’
বান্ধবীকে খুনের দায়ে ছয় বছরের সাজা ভোগ করছেন ব্লেড রানারখ্যাত পিস্টোরিয়াস। রয়টার্স।