পিস্টোরিয়াসের চোখ অলিম্পিকে
একটা স্বপ্ন পূরণ হয়েছে। ‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াসের চোখে আরেক স্বপ্নের আঁকিবুঁকি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম পা-হীন অ্যাথলেট হিসেবে এই দক্ষিণ আফ্রিকান দেগুতে দৌড়েছেন সক্ষম অ্যাথলেটদের সঙ্গে। এখন স্বপ্ন দেখছেন, একইভাবে দৌড়াবেন আগামী অলিম্পিকেও। অলিম্পিক ও প্যারালিম্পিক—আগামী বছর লন্ডনের দুটি টুর্নামেন্টেই অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন দেগুতে অভিষেক বিশ্ব চ্যাম্পিয়নশিপেই রুপা জেতা ২৪ বছর বয়সী এই অ্যাথলেট।দেগুতে পুরুষদের ৪০০ মিটারের সেমিফাইনালে উঠেছিলেন। ৪–৪০০ মিটার রিলেতে রুপা জিতলেও অভিষেকেই প্রাপ্ত সেই পদক নিয়ে তাঁর মনে একটা খেদ আছে। দক্ষিণ আফ্রিকাকে রুপা জেতাতে তাঁর যথেষ্টই অবদান। সেমিফাইনাল পর্যন্ত দৌড়ে দলকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু ফাইনালেই তাঁকে বাদ দেওয়া হলো। তাই একটু খেদ রয়েই গেছে। শুধু অংশ নেওয়া নয়, দেগুর এই খেদটাও লন্ডনে মুছে ফেলতে চান কার্বন ফাইবারের পা দিয়ে দৌড়ানো পিস্টোরিয়াস।লন্ডন অলিম্পিক ও প্যারালিম্পিক—আগামী বছর টুর্নামেন্ট দুটি হবে দুই সপ্তাহের ব্যবধানে। পিঠাপিঠি দুটি টুর্নামেন্টের জন্য পিস্টোরিয়াস নিজেকে ঠিক প্রস্তুত করতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান। কিন্তু পিস্টোরিয়াসের নিজের কাছে কোনো সংশয় নেই। এএফপি।