পিস্টোরিয়াসের দাবি আকাশকুসুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড়বিদ না হয়ে নাকি লেখক হলেই ভালো করতেন অস্কার পিস্টোরিয়াস! তাঁর বিরুদ্ধপক্ষের আইনজীবীর দাবি, পরশু আদালতে যে লিখিত জবানবন্দি তিনি দিয়েছেন, সেটা খুব ভালো রহস্যগল্প হতে পারে। ক্রাইম থ্রিলার। কিন্তু এতে সত্য বলে কিছু নেই। আগের দাবিটাই আরও জোরালো করে পিস্টোরিয়াস বলেছেন, তিনি ভেবেছিলেন তাঁর ঘরে অনাহূত কোনো চোর বা ডাকাত ঢুকেছে। সেটা ভেবেই গুলি চালিয়েছেন। কিন্তু পুলিশের তদন্ত কর্মকর্তা হিলটন বোথা কোর্টে নাম প্রকাশ না-করা এক সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছেন। সেই সাক্ষী বলেছেন, ওই রাতে পিস্টোরিয়াসের সঙ্গে তাঁর নিহত বান্ধবী রিভা স্টিনক্যাম্পের ঝগড়াঝাঁটির শোরগোল পাওয়া যাচ্ছিল। এরই একপর্যায়ে আসে গুলির শব্দ।পিস্টোরিয়াস তাঁর লিখিত জবানবন্দিতে বলেন, ‘এ ঘটনা এবং আমার প্রিয়তমা রিভাকে হারিয়ে ফেলার ভয়ংকর ঘটনায় আমি নিজেও মানসিকভাবে বিধ্বস্ত। আমরা দুজনই দুজনকে গভীরভাবে ভালো বাসতাম। এর চেয়ে বেশি সুখ আর কিছুতেই ছিল না। প্রেমিকাকে খুন করার কোনো ইচ্ছা আমার ছিল না।’ অভিযুক্ত ‘ব্লেড রানারের’ বিবৃতি পরে পড়ে শোনান তাঁর আইনজীবী। গত ভালোবাসা দিবসের এই নির্মম ঘটনা ঘটার পর এই প্রথম জনসমক্ষে কোনো বিবৃতি দিলেন পিস্টোরিয়াস।সেই বিবৃতিতে সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, এর আগেও বেশ কবার চুরির শিকার হওয়ায় তিনি সব সময় হাতের কাছে অস্ত্র রাখতেন। তা ছাড়া কে বা কারা তাঁকে মৃত্যুর হুমকিও দিয়েছিল বলে দাবি করেছেন। সেদিন শেষ রাতে হুট করে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি ব্যালকনিতে গিয়েছিলেন ফ্যান আনার জন্য। ঘরে ফেরার পর বাথরুমে কারও শব্দ পান। তাঁর কৃত্রিম পা পরা ছিল না, এ জন্য তিনি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। নিজেকে খুবই অনিরাপদ মনে হওয়ায় বাথরুমের দরজা লক্ষ্য করে গুলি চালান এবং স্টিনক্যাম্পকে বলেন পুলিশকে ফোন করতে। ‘রিভা আমার কথায় সাড়া দিচ্ছিল না। পরে আমি যখন বিছানার কাছে গেলাম দেখি সে সেখানে নেই। তখনই মনে হলো, বাথরুমে হয়তো রিভাই আছে’—বলেছেন পিস্টোরিয়াস।ক্রিকেট ব্যাট দিয়ে বাথরুমের দরজা ভেঙেছিলেন দাবি করে তিনি বলেন, সেখানে মেঝেতে স্টিনক্যাম্প পড়ে ছিলেন। তখনো বেঁচেই ছিলেন। বান্ধবীকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছেন দাবি করে পিস্টোরিয়াস বলেছেন, ‘কিন্তু আমার প্রেমিকা শেষ পর্যন্ত আমার বাহুতে মাথা রেখেই মারা গেছে!’ কিন্তু পিস্টোরিয়াসের এই দাবি মানতে পারেননি আইনজীবী জেরি নেল। তাঁর দাবি, পিস্টোরিয়াস জেনে-বুঝে বাথরুমে আরও তিনটা গুলি চালিয়েছিলেন। সেই প্রমাণ তিনি আদালতে উপস্থাপন করবেন। এদিকে তদন্ত কর্মকর্তা বোথা বলেছেন, এক প্রত্যক্ষদর্শী তাঁকে বলেছেন প্রথম গুলির পর স্টিনক্যাম্প যেভাবে চির‌্যাকার দিয়ে ওঠেন, তাতেই বোঝার কথা গুলিটা কার গায়ে লেগেছে। কিন্তু এর পর আরও তিনটা গুলি কেন চালালেন পিস্টোরিয়াস?এদিকে পিস্টোরিয়াসের জন্য কোনো সুখবরই পাওয়া যাচ্ছে না। নাইকি, ওকলের মতো ক্রীড়াপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো সম্পর্ক ছিন্ন করেছে তাঁর সঙ্গে। পিস্টোরিয়াসের ঘরে নাকি পারফরম্যান্স-বর্ধক ড্রাগও পাওয়া গেছে। যদিও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি পরে বিবৃতি দিয়ে বলেছে, গত বছর লন্ডনের প্যারালিম্পিক গেমসের সময় দুবার ডোপ টেস্ট করা হয়েছিল তাঁর। কোনোবারই ধরা পড়েননি পা-বিহীন এই দৌড়বিদ। এএফপি, রয়টার্স।