পিস্টোরিয়াসের বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারালিম্পিকে সবচেয়ে বড় তারকা তিনি। শুরুটাও তেমনই করলেন ‘ব্লেড রানার’, ২০০ মিটার টি৪৪ (প্যারালিম্পিক অ্যাথলেটিকসের একটি ক্যাটাগরি) এর হিটে বিশ্ব রেকর্ড গড়ে। গত শনিবার অস্কার পিস্টোরিয়াস ২১ দশমিক ৩০ সেকেন্ডে শেষ করেছেন দৌড়, আগের বিশ্ব রেকর্ডের চেয়েও যা আধা সেকেন্ডেরও কম। মজার ব্যাপার হলো, ভেঙেছেন তিনি ঠিক আগের হিটে ব্রাজিলের কার্দোসো অলিভিয়েরার গড়া রেকর্ড। বেইজিং অলিম্পিকে নিজের ক্যাটাগরিতে ১০০, ২০০ ও ৪০০ মিটারে জিতেছিলেন, আবারও ‘ট্রিপল’ জেতার লক্ষ্যে প্রথম বাধাটা পার হলেন ভালোমতোই। দুই পা-বিহীন প্রথম অ্যাথলেট হিসেবে কয়েক দিন আগে লন্ডন অলিম্পিকে দৌড়ে গড়েছিলেন ইতিহাস। সেই লন্ডনের ট্র্যাকেই ফিরে এলেন রাজসিকভাবে। পিস্টোরিয়াস তাই উচ্ছ্বসিত, ‘এখানে ফিরতে পেরে আমি দারুণ খুশি। আগামীকাল (রোববার) একটা বড় দৌড় আছে, সেটার দিকেই তাকিয়ে আছি এখন।’ বাংলাদেশ সময় গতকাল রাত সোয়া দুইটায় হয়ে গেছে ২০০ মিটারের ফাইনাল। হিটে ওই পারফরম্যান্সের পর যাতে পিস্টোরিয়াস ছিলেন হট ফেবারিট। তবে চার বছর আগে বেইজিংয়ের ‘ট্রিপল’ জয়ের পুনরাবৃত্তি করাটা কঠিন হবে বলে মানছেন তিনি নিজেই। ১০০ মিটার নিয়ে নিজের সংশয়ের কথা স্বীকারও করলেন, ‘আজকের বিশ্ব রেকর্ডের পর দেখা যাক কী হয়! তবে ১০০ মিটার আমার ইভেন্ট নয়।’ মূল অলিম্পিকে লন্ডন পরিণত হয়েছিল উৎসবের নগরে। লন্ডনবাসী অলিম্পিকের পর প্যারালিম্পিককেও এমনভাবে বরণ করে নেবে, এটা ভাবতেই পারেননি পিস্টোরিয়াস, ‘আমি এখানে এতবার এসেছি, কিন্তু এখন যা হচ্ছে তেমনটা আগে কখনো দেখিনি। পুরো শহরটাই যেন বদলে গেছে, বদলে গেছে মানুষের দৃষ্টিভঙ্গিও। খেলা একটা দেশের জন্য আসলেই অসাধারণ কিছু করতে পারে।’ রয়টার্স।