পিস্তল নিয়ে মাঠে জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান-বিজেএমসি ম্যাচের বিরতি তখন। মাঠে ঢুকে পড়লেন আরিফ খান জয়। বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্য ম্যাচ চলাকালে মাঠে যেতে পারবেন না—এটা বাফুফেরই করা আইন। কিন্তু বাফুফের সহসভাপতি সেই আইনের তোয়াক্কাই করলেন না। তাঁর পকেটে তখন পিস্তল! মাঠে ঢুকে রেফারি আজাদ রহমানকে বেশ কিছুক্ষণ শাসাতে দেখা গেল তাঁকে।ফুটবলার হিসেবে মারদাঙ্গা ছিলেন, কর্মকর্তা হওয়ার পরও আইনকানুনের তোয়াক্কাই করছেন না। বিজেএমসির পরিচালক হিসেবে মাঠে আসেন নিয়মিত। ধারাবাহিকভাবেই করে যাচ্ছেন কোনো না কোনো কাণ্ড। এর আগে টাঙ্গাইলে বিজেএমসির ম্যাচ চলাকালে ডাগআউটে বল আটকে রেখেছিলেন নিজের কাছে। কাল তাঁর ক্ষোভের কারণ, ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বিজেএমসির বিরুদ্ধে রেফারির পেনাল্টি দেওয়া।জয় অবশ্য এসবকে কোনো ব্যাপারই মনে করেন না। মাঠে ঢোকা প্রসঙ্গে তাঁর কথা, ‘আমি তো প্রতি ম্যাচেই বিরতির সময় মাঠে যাই। এটা নতুন কী? বিরতির সময় মাঠে যাওয়া অন্যায় নয়।’ প্রশ্ন আসছে, তাহলে বাফুফের ওই আইনের কী মূল্য আছে? ফিফার আইনে যেকোনো প্রকার আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ। ‘এটা আমার লাইসেন্স করা পিস্তল। নিরাপত্তার জন্যই এটা আমার পকেটে থাকে’—জয়ের জবাব শুনে মনে হলো এটি তিনি জানেনই না। পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহিম এ ব্যাপারে বললেন, ‘মাঠে পিস্তল নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তা ছাড়া তিনি তো এমনিতেই মাঠে যেতে পারেন না।’রেফারিকে শাসানো প্রসঙ্গে জয় বললেন, ‘আমি তাঁর কাছে জানতে চেয়েছি, কেন আমাদের বিরুদ্ধে বাঁশি বাজান। ওটা পেনাল্টি ছিল না, তার পরও তিনি পেনাল্টি কেন দিলেন।’ পরে যোগ করেন, ‘আমি তো মাঠে গেছি ম্যাচ কমিশনারকে খুঁজতে।’