প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার বিশ্ব অ্যান্টিডোপিং এজেন্সির (ওয়াডা) তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়েছে রুশ হ্যাকাররা। রিও অলিম্পিকে চারটি সোনাজয়ী জিমন্যাস্ট সিমোন বাইলস, দুই বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামস যুক্তরাষ্ট্রের কয়েকজন অ্যাথলেটের গোপন চিকিৎসাবিষয়ক তথ্য চুরি করে হ্যাকাররা সেটি ছেড়েও দিয়েছে ইন্টারনেটে। যাতে দেখা গেছে, বাইলসসহ আরও কয়েকজন অ্যাথলেট চিকিৎসার প্রয়োজনে ওয়াডার অনুমতি সাপেক্ষেই কিছু নিষিদ্ধ ওষুধ নিচ্ছেন। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ সংস্থা তাসের খবর, গত পরশু পুতিন বলেছেন, ‘এটা (হ্যাকিং) অনেক প্রশ্ন তুলে দিয়েছে। মনে হচ্ছে, যেন স্বাস্থ্যবান অ্যাথলেটরা বৈধভাবেই এমন কিছু ড্রাগস নিচ্ছেন, যা অন্যদের জন্য নিষিদ্ধ।’ রয়টার্স।