পুত্রহারা বশীর আহমেদ
‘আমার তো সব শেষ হয়ে গেল...।’ মুঠোফোনে প্রথম বাক্যটাই শেষ করতে পারলেন না বশীর আহমেদ। শোকের দমকে হারিয়ে গেলেন। এ প্রান্তের শ্রোতা এই প্রতিবেদক স্তম্ভিত। কী ঘটল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সব্যসাচী এই ক্রীড়াবিদের জীবনে? একটু ধাতস্থ হয়ে বশীর আহমেদ যা বললেন, তা বলতে প্রতিটি বাবারই বুক ভেঙে যায়, ‘আমার ছেলেটা আর নেই। ও আমাদের ছেড়ে চলে গেছে।’
ঘটনাটা গত শুক্রবারের। বশীর আহমেদের ছেলে তানভীর আহমেদ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি কয়েকজন বন্ধুর সঙ্গে টিভিতে দেখছিলেন ধানমন্ডি শংকরে এক বন্ধুর বাসায়। রাত প্রায় ৯টা, হঠাৎই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তানভীর। হৃদ্রোগে আক্রান্ত বন্ধুকে দ্রুতই শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান বন্ধুরা। সেখানে তাৎক্ষণিকভাবেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তানভীরের বয়স হয়েছিল মাত্রই ৪১ বছর। বয়সটা উল্লেখ করে বশীর আহমেদ বিলাপ করতে থাকেন, ‘এই বয়সেই ও চলে গেল। আমাদের আর কেউ রইল না।’
‘কেউ রইল না’ তা নয়, বশীর আহমেদ-তাহমিনা আহমেদ দম্পতির এই শোকে বড় অবলম্বন তানভীরের মেয়ে রামিসা ও পুত্রবধূ। মেয়ে তাহমীনা আহমেদ ও তাঁর সন্তান। রামিসার বয়স মাত্র ৭, এই বয়সেই যে লিওকেমিয়ার সঙ্গে দীর্ঘ
লড়াইয়ে বিজয়িনী। ঢাকা-মুম্বাই দৌড়াদৌড়ি করে তাকে জিতিয়ে এনেছিলেন তাঁর বাবাই। সেই বাবাই সেদিন হেরে গেলেন আততায়ী মৃত্যুর কাছে! বশীর আহমেদ কথাগুলো বলেন আর গুমরে গুমরে কাঁদেন, কান্না থামিয়ে শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানান আজ বাদ আসর তাঁর শ্যামলীর বাসায় (শ্যামলী অ্যাপার্টমেন্ট, হাউস ৯/ডি, রোড ১) ছেলের কুলখানিতে।