পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দলের অধিনায়ক ডেভিড বেকহাম, অন্য দলের জিনেদিন জিদান। একসময় যাঁরা সতীর্থ ছিলেন রিয়াল মাদ্রিদের বিখ্যাত গ্যালাকটিকো দলে, এবার তাঁরাই প্রতিপক্ষ ইউনিসেফ আয়োজিত একটা প্রীতি ম্যাচে। বেকহাম নেতৃত্ব দেবেন গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড দলের। জিদানের নেতৃত্বে খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশ। সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে তহবিল সংগ্রহে ওল্ড ট্রাফোর্ডে আগামী ১৪ নভেম্বর হতে যাওয়া প্রীতি ম্যাচটার আকর্ষণ কিন্তু এখানেই শেষ নয়। গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড দলের কোচ হিসেবে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ইউনাইটেডের সাবেক কোচের সঙ্গে সাবেক অধিনায়ক বেকহামেরও তাই পুনর্মিলনী হচ্ছে এই ম্যাচে। ফার্গুসনের প্রতিপক্ষ হিসেবে অবশিষ্ট বিশ্ব একাদশের ডাগ-আউটে থাকবেন কার্লো আনচেলত্তি। রিয়ালের কোচ থাকার সময় আনচেলত্তির সহকারী ছিলেন জিদান। এ ম্যাচ তাই মিলিয়ে দেবে এ দুজনকেও। গোলডটকম।