পুনে ওয়ারিয়র্সে তামিম!
অবশেষে আইপিএলের দরজা খুলছে তামিম ইকবালের জন্যও। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের পঞ্চম আসরে তিনি খেলবেন পুনে ওয়ারিয়র্সের হয়ে। অধিনায়ক এবং মেন্টর হিসেবে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও আছেন এই ফ্র্যাঞ্চাইজিতে।তামিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুনে ওয়ারিয়র্স থেকে আগ্রহ প্রকাশের পর তামিমের সঙ্গে তাদের কথাবার্তাও অনেকটাই পাকা হয়ে গেছে এরই মধ্যে। আশা করা হচ্ছে, কাগজপত্র এসে গেলে সপ্তাহ খানেকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে চুক্তির আনুষ্ঠানিকতাও।তামিমের আগে বাংলাদেশ থেকে আইপিএলে খেলেছেন আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবারের আইপিএলেও খেলবেন।আইপিএলের মতো টুর্নামেন্টে খেলার ইচ্ছা তামিমের অনেক দিন থেকেই। অবশেষে সুযোগটা পেতে যাচ্ছেন বলে নিশ্চয়ই অনেক খুশি এই বাঁহাতি ওপেনার। তবে ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকায় এ ব্যাপারে কালই তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।