পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সৌরভ গাঙ্গুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় নিলামের সময় কোনো দল তাঁকে নেয়নি। আইপিএল শুরু হয়ে বেশ কয়েকটা ম্যাচ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল কলকাতার সেই সুপরিচিত ‘দাদা’ বোধ হয় এবার কেবল দর্শকের মধ্যেই থাকবেন। কিন্তু নাটকটা ঘটল আজ। এবার তিনি খেলছেনই। আর তা পুনে ওয়ারিয়র্সের হয়ে। আজ মঙ্গলবার দলটির পরিচালক অভিজিত্ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।অভিজিত্ সরকার বলেছেন, ‘আমরা আশীষ নেহেরার ফিটনেস প্রতিবেদনের জন্য অপেক্ষা করছিলাম। গতকাল আমরা সেটি পেয়েছি। আমি ইতিমধ্যে গাঙ্গুলীর সঙ্গে কথা বলেছি এবং আশা করছি তাঁর অভিজ্ঞতা দলকে অনেক সহায়তা করবে। তাই গত রাতেই আমরা তাঁকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছি।’ সৌরভ গাঙ্গুলী কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনবার আইপিএলে খেলেছেন। এর মধ্যে দুবারই ছিলেন অধিনায়ক। তবে এবারের আইপিএলে খেলোয়াড়দের নিলামের সময় তিনি নিজের দাম বাড়িয়ে চার লাখ ডলার করেন। তাই কেউ তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি। ফলে এই আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে যায়। এরই মধ্যে হয়ে গেছে আইপিএল-৪-এর অনেকগুলো ম্যাচ।