পুনের জয়ের লক্ষ্য ১২১ রান
ভুবনেশ্বর কুমার ও আশিষ নেহরার ভালো বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে মাত্র ১২০ রানের মধ্যেই আটকে দিয়েছে পুনে ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলেছেন শচীন টেন্ডুলকার। পুনের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার ও আশিষ নেহরা। আগের ম্যাচগুলোর মতো আজকেও পুনের হয়ে মাঠে নামার সুযোগ পাননি বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল মুম্বাই ইন্ডিয়ানস। উদ্বোধনী জুটিতেই ৫০ রান যোগ করেছিলেন দুই ওপেনার শচীন টেন্ডুলকার ও জেমস ফ্রাঙ্কলিন। অষ্টম ওভারে ফ্রাঙ্কলিনকে সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। এর পরই নিয়মিত বিরতিতে পড়তে থাকে মুম্বাইয়ের উইকেট। ১২তম ওভারে টেন্ডুলকার বিদায় নেওয়ার পর উল্লেখযোগ্য কোনো জুটি গড়ে তুলতে পারেননি কেউ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে মুম্বাই।