পুনের প্রথম জয়
আইপিএলের ষষ্ঠ আসরের প্রথম দুইটি ম্যাচেই হারের মুখ দেখেছিল পুনে ওয়ারিয়র্স। নিজেদের তৃতীয় ম্যাচে অবশেষে জয়ের দেখা পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। ওপেনার অ্যারন ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পুনে পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। ১৪৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পুনে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন ফিঞ্চ।জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছিলেন পুনের দুই ওপেনার রবিন উথাপ্পা ও অ্যারন ফিঞ্চ। মাত্র ২৯ বল খেলেই তাঁরা সংগ্রহ করেছিলেন ৫৮ রান। রবিন উথাপ্পা ৩২ রান করে ফিরে যাওয়ার পর ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন ফিঞ্চ ও রস টেলর। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা সংগ্রহ করেন ৪৬ রান। ১২তম ওভারে ১৭ রান করে আউট হন টেলর। ১৭তম ওভারে ফিঞ্চ যখন আউট হন তখন দলের জয় প্রায় নিশ্চিতই হয়ে গেছে। বাকি কাজটা অনায়াসেই করে ফেলেন যুবরাজ সিং ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৮ রান করে অপরাজিত ছিলেন যুবরাজ।