পুবের চাই ১২৭, দক্ষিণের ৮ উইকেট
বাড়তি ওভারটিই কি তবে ঘুরিয়ে দিচ্ছে ম্যাচের মোড়?চতুর্থ ইনিংস শুরুর সময় দিনের খেলার বাকি ছিল ৪১ ওভার। নাফিস ইকবাল ও রাজিন সালেহর ব্যাটে চেপে ২৬৫ রানের জয়ের লক্ষ্যে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। নির্ধারিত ওই ৪১ ওভার শেষে রান ১ উইকেটে ১২৮। লাইটমিটার দেখে দুই আম্পায়ার চালিয়ে দিলেন আরেকটি ওভার। রবিউলের ওভারের দ্বিতীয় বলটিতে চার মারলেন নাফিস। চতুর্থ বলটি শেষ মুহূর্তে সুইং করে ঢুকল ভেতরে, ক্রস ব্যাটে খেলে এলবিডব্লু নাফিস!শেষ দিনে জয়ের জন্য চাই ১২৭ রান, হাতে ৮ উইকেট। এই সমীকরণ বলছে, ম্যাচ এখনো পূর্বাঞ্চলের হাতে। কিন্তু গোধূলিবেলার উইকেটটি যেন নিশ্চিত করে তা বলতে দিচ্ছে না। পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক ও ম্যাচে জোড়া ফিফটি করা নাফিসের কণ্ঠে যেমন খানিকটা অনিশ্চয়তা, ‘অনেক ব্যাটসম্যান আছে আমাদের। তবে খেলাটা ক্রিকেট, ওদের বোলিং আক্রমণ খুব ভালো। দেখা যাক...আশা করি জিতব।’ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অধিনায়ক আবদুর রাজ্জাকের আবার কোনো সংশয়ই নেই জয় নিয়ে, ‘আমি সব সময়ই ইতিবাচক। ৫ উইকেট নিয়ে ১০ রান প্রয়োজন হলেও আমি হাল ছাড়ি না। আর এই ম্যাচ তো আমরা অবশ্যই জিতব। দেখবেন কাল...!’শেষ বিকেলে যাঁর বিদায়ে দৃশ্যপট পাল্টে যাওয়ার ইঙ্গিত, সেই নাফিসের কণ্ঠে একটু ক্ষোভও, ‘আম্পায়াররা লাইটমিটার দেখেছেন, নিশ্চয়ই আলো পর্যাপ্তই ছিল। কিন্তু সত্যি বলতে বল দেখতে একটু সমস্যা হচ্ছিল। ওই প্রান্তে (মিডিয়া প্রান্তে) সাইটস্ক্রিনের ওপর দেয়ালে কালো রং করা, বোলার লাফিয়ে বল ছাড়ার সময় মুহূর্তের জন্য বল হারিয়ে যায়। আউট হওয়ার বলটি আমি দেখেছি একটু পরে। বলটাও ভালো ছিল, রিভার্স সুইং করেছে।’ওই প্রান্ত থেকে রবিউলের আগের ওভারও বেশ ভুগিয়েছে রাজিন সালেহকে। দু-দুবার বেঁচে গেছেন জোরালো এলবিডব্লুর আবেদন থেকে। ভালো বোলিং অবশ্যই একটা কারণ, তবে নাফিসের দাবিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। আরেক নাফীস, শাহরিয়ারের ব্যাটে পূর্বাঞ্চলের রান তাড়ার শুরুটা ছিল ইতিবাচক। তবে অশ্বিন-আজমলদের মতো বোলিং অ্যাকশনে হঠাৎ থেমে গিয়ে করা সোহাগের এক বল হঠাৎই অনেকটা লাফিয়ে চুমু আঁকল শাহরিয়ারের ব্যাটে, সিলি পয়েন্টে ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ তাপস ঘোষের। দ্বিতীয় উইকেটে নাফিস-রাজিনের জুটি ৯৩ রানের। প্রথম ইনিংসের ৮৩-এর পর নাফিস এবার ৬৩। দক্ষিণাঞ্চল দিন শুরু করেছিল ১ উইকেটে ১২৯ রান নিয়ে। প্রথম ইনিংসের ১৬ রানের লিড মিলিয়ে লাগাম তখন তাদের হাতেই। সাতসকালেই পাল্টে গেল চিত্র। আগের দিনের ৪৮ রানেই সৌম্যকে ফেরালেন তাপস, ৬৫ রানের সঙ্গে এনামুল যোগ করতে পারলেন আর মাত্র ৮। জিয়াউরের কাছে দুই ছক্কা হজম করার প্রতিশোধ নিয়েছেন ফয়সাল তাঁকে আউট করে। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করেছিল ২৪৮, দ্বিতীয় ইনিংসেও ঠিক তা-ই। এতে সবচেয়ে বড় ভূমিকা পূর্বাঞ্চলের বাঁহাতি স্পিনার নাবিল সামাদের ৬ উইকেটের।চতুর্থ ইনিংসে ২৬৫ রানের লক্ষ্য তবু সহজ ছিল না। কিন্তু নাফিস-রাজিনের জুটিতে ম্যাচ ঢলে পড়েছে পূর্বে। শেষটাও সেখানে, নাকি আজ শেষ দিনে তা উঁকি দেবে দক্ষিণে?